আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে যৌথবাহিনী। গত এক সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযান চালিয়ে মোট ৩৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও, এই অভিযানের সময় উদ্ধার করা হয়েছে ৫১টি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ গোলাবারুদ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরির্দফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান এই তথ্য নিশ্চিত করে জানান, গত ৩০ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ, র্যাব ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। এই অভিযান পরিচালিত হয় রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা ও শিল্পাঞ্চলে, যেখানে বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের ইউনিটগুলো অংশ নেয়।
অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫১টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১৩১ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ককটেল বোমা, দেশীয় অস্ত্র এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অভিযানে গ্রেপ্তার হওয়ার ৩৬৮ জনের মধ্যে বিভিন্ন চিহ্নিত সন্ত্রাসী, শীর্ষ মাদক ব্যবসায়ী, ডাকাত দলের সদস্য, কিশোর গ্যাং ও চোরাকারবারি রয়েছেন। আইএসপিআর জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে এবং সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলমান পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী নিয়মিত টহল, চেকপোস্ট ও বিশেষ নিরাপত্তা অভিযান চালাচ্ছে। বিশেষ করে শিল্পাঞ্চলগুলোতে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণ ও সাধারণ ভোটারদের আস্থা ফিরিয়ে আনার জন্য বাহিনী মোতায়েন রয়েছে।
সরকারী সূত্র জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো সন্দেহজনক বা অস্বাভাবিক কার্যকলাপ দেখা গেলে সাধারণ জনগণকে নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত জানানোর জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।





