শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬, ২৪শে মাঘ, ১৪৩২

যৌথ বাহিনীর অভিযানে এক সপ্তাহে গ্রেপ্তার ৩৬৮

আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে

আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে যৌথবাহিনী। গত এক সপ্তাহে দেশের বিভিন্ন

স্থানে পরিচালিত বিশেষ অভিযানে ৩৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় উদ্ধার করা

হয়েছে ৫১টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক

রাশেদুল আলম খান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩০ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর

নেতৃত্বে পুলিশ, র‍্যাব ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে এই

অভিযান পরিচালিত হয়। রাজধানীর ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা ও শিল্পাঞ্চলে একাধিক

পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের ইউনিটগুলো এই অভিযানে অংশ নেয়।

অভিযান চলাকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫১টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১৩১ রাউন্ড

বিভিন্ন ধরনের গোলাবারুদ, ককটেল বোমা, দেশীয় অস্ত্র এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য

উদ্ধার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার ৩৬৮ জনের মধ্যে চিহ্নিত

সন্ত্রাসী, শীর্ষ মাদক ব্যবসায়ী, ডাকাত দলের সদস্য, কিশোর গ্যাং ও চোরাকারবারিরা

রয়েছে। আইএসপিআর জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী

আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আইএসপিআর জানায়, বর্তমান পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী নিয়মিত

টহল, চেকপোস্ট ও বিশেষ নিরাপত্তা অভিযান পরিচালনা করছে। বিশেষ করে শিল্পাঞ্চলগুলোতে

শ্রমিক অসন্তোষ মোকাবিলা ও সাধারণ ভোটারদের মনে আস্থা ফেরাতে বাহিনী মোতায়েন রয়েছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

যেকোনো সন্দেহজনক বা অস্বাভাবিক কার্যকলাপ দেখলে নিকটস্থ সেনা ক্যাম্প বা

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত অবহিত করার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে

সাধারণ জনগণকে আহ্বান জানানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন