মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬, ২৫শে ফাল্গুন, ১৪৩২

প্রেশার কুকারের ‘ফার্স্ট হুইসেল’ বাজতেই রহস্য, উত্তাপ!

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বড় পর্দায় এক নতুুন চমক নিয়ে আসছেন জনপ্রিয় নির্মাতা

রায়হান রাফী। তাঁর নতুন সিনেমা ‘প্রেশার কুকার’-এর প্রায় দেড় মিনিটের একটি

সংক্ষিপ্ত ঝলক গত শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে অবমুক্ত করা হয়েছে। এই

ঝলকটিকে প্রথাগত ‘টিজার’ না বলে রাফী আখ্যা দিয়েছেন ‘ফার্স্ট হুইসেল’। ভিডিওটি

শেয়ার করে নির্মাতা লিখেছেন, “নীরব চাপে জমছে এক বিস্ফোরণ… ঢাকনা উঠলেই বের হবে সেই

হুইসেল।” তাঁর এমন রহস্যময় ক্যাপশন এবং টিজারের টানটান উত্তেজনা ইতিমধেই দর্শকদের

মনে শিহরণ জাগিয়েছে।

ইমপ্রেস টেলিফিল্ম ও কানন ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত ‘প্রেশার কুকার’ সিনেমাটি

মূলত চারজন নারীর ভিন্ন ভিন্ন জীবন সংগ্রাম ও সামাজিক বাস্তবতাকে কেন্দ্র করে গড়ে

উঠেছে। এতে প্রধান চার চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলি, নাজিফা তুষি, স্নিগ্ধা

চৌধুরী ও মারিয়া শান্ত। টিজারে এই চার অভিনেত্রীর চরিত্রের নানা টানাপোড়েন এবং

রহস্যের আভাস পাওয়া গেছে। পুরো ভিডিও জুড়ে ব্যাকগ্রাউন্ডে ভেসে এসেছে অভিনেতা চঞ্চল

চৌধুরীর গম্ভীর কণ্ঠস্বর। তাঁকে ‘মৌমাছি, মৌমাছি/ কোথা যাও নাচি নাচি’ কবিতার

লাইনগুলো আবৃত্তি করতে শোনা যায়, যা টিজারের আবহে এক ধরণের মনস্তাত্ত্বিক উত্তাপ ও

গাম্ভীর্য যোগ করেছে।

নির্মাতা রায়হান রাফীর মতে, ঢাকা শহরটা আধুনিক মেয়েদের জন্য আসলে একটা প্রেশার

কুকারের মতো, যেখানে প্রতিনিয়ত তাঁরা সামাজিক ও ব্যক্তিগত চাপের মধ্য দিয়ে ‘সেদ্ধ’

হচ্ছেন। যখন এই চাপ অসহনীয় হয়ে ওঠে, তখনই সেই প্রেশার কুকার থেকে জোরালো প্রতিবাদের

‘হুইসেল’ বেজে ওঠে। সিনেমাটিতে এই নাগরিক জীবনের রূঢ় সত্যগুলোকেই সুনিপুণভাবে তুলে

ধরা হয়েছে। সিনেমায় এই চার নায়িকা ছাড়াও ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম,

মিশা সওদাগর ও আজিজুল হাকিমের মতো শক্তিশালী অভিনেতাদেরও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা

যাবে।

টিজারটি প্রকাশের পর থেকেই নেটদুনিয়ায় ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। স্বয়ং চঞ্চল

চৌধুরীও রাফীর এই নতুন কাজের জন্য শুভকামনা জানিয়েছেন এবং দর্শকদের উদ্দেশ্যে একটি

কৌতূহলী প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে, রাফীর আগের হিট সিনেমা ‘তুফান’ এবং ‘প্রেশার

কুকার’-এর ট্রেলারের মধ্যে কোনো মিল খুঁজে পাওয়া যায় কি না। এর আগে ‘পোড়ামন ২’,

‘পরাণ’ ও ‘তুফান’-এর মতো দর্শকপ্রিয় সিনেমা উপহার দেওয়া রাফী এবারও এক ভিন্নধর্মী

গল্প দিয়ে বক্স অফিস কাঁপাতে প্রস্তুত। ঈদুল ফিতরে আপনার কাছের প্রেক্ষাগৃহে বাজবে

এই ‘প্রেশার কুকার’-এর চূড়ান্ত হুইসেল।

পোস্টটি শেয়ার করুন