গণহত্যাকারী ইসরায়েলি হামলায় ধ্বংসস্তুপে পরিণত হচ্ছে প্রতিবেশী লেবাননের গ্রামের
পর গ্রাম। ইতোমধ্যে রাজধানী বৈরুতসহ একাধিক শহরের বহু ভবন বিধ্বস্ত হয়েছে। এতে
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বেসামরিক নাগরিক এবং স্থাপনা। এ পর্যন্ত ইসরায়েলি
আগ্রাসনে ৮৩ শিশুসহ প্রায় ৪০০ মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য
মন্ত্রণালয়। রোববার (৮ মার্চ) সংবাদ সম্মেলনে লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান
নাসেরুদ্দিন এ তথ্য প্রকাশ করেছেন।
সংবাদ সম্মেলনে মন্ত্রণালয় জানায়, নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩৯৪ জনে দাঁড়িয়েছে,
এর মধ্যে ৮৩টি শিশু আছে। প্রাণ হারানোর ব্যক্তিদের মধ্যে ৪২ নারীও আছেন। অন্তত ১
হাজার ১৩০ জন আহত হয়েছেন। খবর আল জাজিরার।
এর আগে শনিবার (৭ মার্চ) পর্যন্ত নিহতের সংখ্যা ছিল ২৯৪ জন; মাত্র এক দিনের
ব্যবধানে ১০০ জন বেড়েছে।
এদিকে গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র গত ২৮ ফেব্রুয়ারি যৌথভাবে
ইরানে হামলা চালায়। এর পর সংঘাত ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। এ যুদ্ধ চলমান
থাকাবস্থায়ই লেবাননে হামলা চালায় ইসরায়েল। এরপর থেকে লেবাননের শিয়া সমর্থিত ইসলামী
প্রতিরোধ যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লা ও ইসরায়েলি বাহিনীর মধ্যে হামলা-পাল্টা হামলার
ঘটনা ঘটছে।





