রবিবার, ১৫ই মার্চ, ২০২৬, ১লা চৈত্র, ১৪৩২

গোয়াল ঘরে মিলল দেড় হাজার লিটার তেল!

পাবনার সুজানগরে একটি বাড়ির গোয়াল ঘর থেকে অবৈধভাবে মজুত করে রাখা দেড় হাজার লিটার

পেট্রোল ও অকটেন উদ্ধার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (১৪

মার্চ) সকাল থেকে উপজেলাটির চিনাখড়া বাজারে পরিচালিত এক বিশেষ অভিযানে এই জ্বালানি

তেল জব্দ করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, চিনাখড়া বাজারের ‘খান এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী

সন্টু ইসলাম মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে জ্বালানি তেলের কৃত্রিম

সংকট তৈরির চেষ্টা করছিলেন। তিনি অধিক মুনাফার আশায় তার বাড়ির গোয়াল ঘরে বিপুল

পরিমাণ তেল লুকিয়ে রাখেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ

হাসান রনি জানান, অভিযানের খবর পেয়ে সন্টু ইসলাম দোকান বন্ধ করে পালিয়ে যাওয়ার

চেষ্টা করেন। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে দোকানের পেছনে তার বাড়িতে তল্লাশি

চালানো হয়। এসময় গোয়াল ঘর থেকে ড্রাম ভর্তি দেড় হাজার লিটার পেট্রোল ও অকটেন উদ্ধার

করা হয়।

জব্দকৃত এসব তেল তাৎক্ষণিকভাবে সরকার নির্ধারিত মূল্যে সাধারণ ক্রেতাদের মাঝে

বিক্রি করে দেওয়া হয়। অবৈধ মজুতের অপরাধে সন্টু ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা

হয়েছে।

এ ছাড়া একই দিনে আতাইকুলা ও চিনাখড়া এলাকার আরও ৪টি বাজারে অভিযান চালিয়ে অতিরিক্ত

দামে তেল বিক্রির দায়ে আরও ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। দিনব্যাপী এই অভিযানে

মোট ৬টি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা এবং তা আদায় করা হয়েছে।

সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, ‘অসাধু ব্যবসায়ীরা জ্বালানি তেলের সংকট

দেখিয়ে সাধারণ মানুষকে জিম্মি করার চেষ্টা করছে। জনস্বার্থে আমাদের এই তদারকি ও

অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।’

পোস্টটি শেয়ার করুন