দেশের অন্যতম মিউজিশিয়ান তথা দরাজ কণ্ঠের জনপ্রিয় শিল্পী পান্থ কানাই। যাকে এবার
দেখা যাবে দেশের প্রধান নায়ক শাকিব খানের সহশিল্পী হিসেবে।
জানা গেছে, ‘রকস্টার’ সিনেমার মাধ্যমে তাদের এই পর্দা ভাগের ঘটনাটি ঘটতে যাচ্ছে।
অভিনয়ের বিষয়টি পান্থ কানাই নিশ্চিত করলেও এ বিষয়ে আর কোনও মন্তব্য করতে রাজি হননি।
এর আগে মঈন হাসান ধ্রুব পরিচালিত ‘দাহকাল’ সিনেমায় অভিনয় করেছিলেন এই কণ্ঠশিল্পী।
এদিকে আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমার শুটিং এর মধ্যেই মালয়েশিয়াতে শুরু হয়ে
গেছে। এতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলাকে। এ
ছাড়া শাকিবের বাবা-মায়ের চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান ও রোজি সিদ্দিকী।
ছবিটি আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।
এদিকে আজ (২৮ মার্চ) শাকিব খানের জন্মদিনে মুক্তি পেয়েছে ‘রকস্টার’-এর ফার্স্ট লুক,
যেখানে আবারও নতুন রূপে হাজির হয়েছেন শাকিব।
পোস্টারে দেখা গেছে, কালো সানগ্লাস পরে পা ছড়িয়ে রাস্তায় বসে আছেন শাকিব, পরনে
ক্যাজুয়াল পোশাক, পায়ে স্নিকার্স। সারা গায়ে ট্যাটু করা, পেছনে লেখা সিনেমার নাম
‘রকস্টার’।





