শুক্রবার, ৩রা এপ্রিল, ২০২৬, ২০শে চৈত্র, ১৪৩২

আবারও বাড়ল বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ২০২৬ ফুটবল বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত

হওয়ার পরই শুরু হয়েছে টিকিট বিক্রির নতুন ধাপ। এই পর্যায়ে ফাইনাল ম্যাচের শীর্ষ

ক্যাটাগরির টিকিটের দাম বাড়িয়ে ১০ হাজার ৯৯০ ডলার নির্ধারণ করেছে ফিফা, যা

বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১৩ লাখ টাকার সমান।

বুধবার শুরু হওয়া এই বিক্রয় উইন্ডোতে ১০৪ ম্যাচের মধ্যে ৪০টির টিকিটের মূল্য আগের

তুলনায় বৃদ্ধি পেয়েছে।

গত ডিসেম্বরে ড্রয়ের পর টিকিট বিক্রির সময় ফাইনালের শীর্ষ ক্যাটাগরির দাম ছিল ৮

হাজার ৬৮০ ডলার, যা এখন উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ১৯ জুলাই অনুষ্ঠিতব্য ফাইনালের ‘ক্যাটাগরি ২’

টিকিটের দাম ৫ হাজার ৫৭৫ ডলার থেকে বেড়ে ৭ হাজার ৩৮০ ডলার হয়েছে। একইভাবে

‘ক্যাটাগরি ৩’-এর মূল্য ৪ হাজার ১৮৫ ডলার থেকে বেড়ে ৫ হাজার ৭৮৫ ডলারে পৌঁছেছে।

নকআউট পর্বের বেশিরভাগ ম্যাচের টিকিটের দামও বৃদ্ধি পেয়েছে। দুইটি সেমিফাইনালের

টিকিটের মূল্য ৩ হাজার ২৯৫ ডলার থেকে বেড়ে ৩ হাজার ৭১০ ডলার পর্যন্ত নির্ধারণ করা

হয়েছে।

১১ জুন মেক্সিকো বনাম সৌদি আরবের উদ্বোধনী ম্যাচের টিকিটের দাম ২ হাজার ৩৫৫ ডলার

থেকে বেড়ে ২ হাজার ৯৮৫ ডলার হয়েছে। ১২ জুন বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে কানাডার

ম্যাচের টিকিটের দামও বাড়ানো হয়েছে।

নির্দিষ্ট কোনো পূর্বঘোষণা ছাড়াই টিকিট ছাড়ার কারণে অনেক ক্রেতাকে দীর্ঘ সময় ধরে

ফিফার ওয়েবসাইটে অনুসন্ধান করতে হয়েছে। প্রযুক্তিগত সমস্যার কারণে অনেকে সঠিক লিংকে

প্রবেশ করতে না পারলেও পরে ফিফা জানায়, ত্রুটি সমাধান করা হয়েছে।

সব ম্যাচের টিকিট একসঙ্গে বাজারে ছাড়া হয়নি। টুর্নামেন্ট চলাকালীন ধাপে ধাপে আরও

টিকিট বিক্রির পরিকল্পনা রয়েছে।

এই বিশ্বকাপ থেকেই প্রথমবারের মতো ডায়নামিক প্রাইসিং পদ্ধতিতে টিকিট বিক্রি করছে

ফিফা, যার ফলে চাহিদা অনুযায়ী টিকিটের দাম ওঠানামা করবে। নতুন এই পদ্ধতির কারণে

শুরু থেকেই সমালোচনার মুখে পড়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।

পোস্টটি শেয়ার করুন