দেশের জ্বালানি চাহিদা পূরণে অকটেন ও ফার্নেস অয়েলের আরও দুটি চালান আমদানি করা
হচ্ছে। সরবরাহ স্বাভাবিক রাখতে মালয়েশিয়া থেকে মোট ৫১ হাজার মেট্রিক টন জ্বালানি
নিয়ে দুটি জাহাজ চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের সহকারী ব্যবস্থাপক (গণসংযোগ)
ফারজিন হাসান মৌমিতা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, প্রায় ২৬ হাজার টন পরিশোধিত অকটেন বহনকারী ‘এমটি সেন্ট্রাল স্টার’
জাহাজটি মালয়েশিয়া থেকে যাত্রা শুরু করে বর্তমানে আন্দামান সাগরে রয়েছে এবং বুধবার
(৮ এপ্রিল) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে।
একই সময়ে প্রায় ২৫ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল নিয়ে ‘এমটি ইস্টার্ন কুইন্স’
নামের আরেকটি জাহাজও মালয়েশিয়া থেকে আসছে, যা একই দিনে বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে
বলে জানা গেছে।
অন্যদিকে, এলপিজি ও এলএনজি বহনকারী আরও দুটি জাহাজ ইতোমধ্যে বন্দরে পৌঁছেছে।
নাইজেরিয়া থেকে আসা ‘কুল ভয়েজার’ জাহাজে এলএনজি রয়েছে, যার স্থানীয় এজেন্ট
ইন্টারপোর্ট। এছাড়া চীন থেকে এলপিজি নিয়ে এসেছে ‘গ্যাস জার্নি’, যার এজেন্ট
ইউনাইটেড শিপিং। খালাস শেষে জাহাজ দুটি বুধবার বন্দর ত্যাগ করবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, বর্তমানে বন্দরের
জলসীমায় এলপিজি ও এলএনজি বহনকারী দুটি জাহাজ অবস্থান করছে এবং মোট চারটি জাহাজ থেকে
জ্বালানি খালাস চলছে। এর মধ্যে ৩১ মার্চ ভারত থেকে এলপিজি নিয়ে ‘গ্যাস চ্যালেঞ্জার’
এবং ৩ এপ্রিল মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে ‘শ্যান গ্যাং ফা শিয়ান’ বন্দরে পৌঁছায়।
‘গ্যাস চ্যালেঞ্জার’ থেকে ভাটিয়ারিতে এলপিজি খালাস করা হচ্ছে।
ফারজিন হাসান মৌমিতা জানান, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও জ্বালানি
তেল আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখতে বিপিসি নিয়মিতভাবে উদ্যোগ নিচ্ছে।





