সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬, ৭ই বৈশাখ, ১৪৩৩

ভিজিট ভিসায় হজ বন্ধ, সৌদি কঠোর নির্দেশনা ও জরিমানাসহ নতুন নিয়ম

সৌদি আরব হজ মৌসুমের জন্য নতুন কঠোর নিয়ম জারি করেছে। দেশটির কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, এখন থেকে কোনও ধরনের ভিজিট ভিসা নিয়ে হজ পালন করা যাবে না। খবর গালফ নিউজের।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুধুমাত্র বৈধ হজ পারমিটধারীরাই মক্কা ও অন্যান্য পবিত্র স্থানগুলোতে প্রবেশ করতে পারবেন। এই নিষেধাজ্ঞা জিলকদ মাসের শুরু থেকে জিলহজের ১৪ তারিখ পর্যন্ত কার্যকর থাকবে। যদি কেউ এই সময়ের মধ্যে অনুমতি ছাড়াই প্রবেশ বা অবস্থান করে, তবে তা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

নিয়ম ভঙ্গকারীদের জন্য কঠোর শাস্তির কথাও বলা হয়েছে। ভিজিট ভিসাধারীরা যদি হজে যাওয়ার চেষ্টা করে বা অবৈধভাবে মক্কায় প্রবেশ করে, তাদের সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল জরিমানা গুণতে হবে। এছাড়া, অনুমতি ছাড়া হজ পালন করলে প্রবাসীদের গ্রেপ্তার করে নিজ দেশে পাঠানো হবে, এবং তাদের জন্য ১০ বছর পর্যন্ত সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা জারির ব্যবস্থা রয়েছে।

সৌদি কর্তৃপক্ষ উল্লেখ করেছে, বিশ্বের বৃহৎ ধর্মীয় সমাবেশ হজকে নিরাপদ ও সুষ্ঠুভাবে পরিচালনা করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ‘পারমিট ছাড়া হজ নেই’ এই স্লোগানের আওতায় কঠোর অঙ্গীকারের পাশাপাশি এই অভিযান জোরদার করা হচ্ছে। সাধারণ মানুষকে এসব নির্দেশনা মেনে চলার জন্য আহ্বান জানানো হয়েছে, আর কোনও অনিয়ম দেখা গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার অনুরোধ করা হয়েছে। মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলে জরুরি নম্বর ৯১১ এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ নম্বরে যোগাযোগের জন্য বলা হয়েছে।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ও জানিয়েছে, নির্ধারিত নিয়ম না মেনে হজ পালন আইনত লঙ্ঘন। তারা সতর্ক করে দিয়েছে, নিয়ম মেনে চলাই হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে, ভিড় নিয়ন্ত্রণে ও সুষ্ঠু ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ।

পোস্টটি শেয়ার করুন