বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬, ১০ই বৈশাখ, ১৪৩৩

এডিটিংয়ের কাঁচিতে সিডনি সুইনি: ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’ থেকে বাদ

হলিউডের বহুল আলোচিত সিনেমা ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা টু’-এর চূড়ান্ত সংস্করণ

থেকে বাদ পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী সিডনি সুইনি। সিনেমাটির বিশেষ একটি দৃশ্যে তার

ক্যামিও চরিত্রে অভিনয়ের কথা ছিল এবং সেই অনুযায়ী দৃশ্যটির শুটিংও সম্পন্ন হয়েছিল।

তবে সম্প্রতি জানা গেছে, সিনেমার ফাইনাল এডিটের সময় সিডনি সুইনির অংশটুকু সম্পূর্ণ

ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। ভ্যারাইটির এক প্রতিবেদন অনুযায়ী,

অভিনেত্রী এমিলি ব্লান্টের সঙ্গেই মূলত সেই দৃশ্যটিতে অভিনয় করেছিলেন সুইনি।

সিনেমাটি থেকে দৃশ্যটি বাদ দেওয়ার পেছনে মূল কারণ হিসেবে দর্শকদের প্রতিক্রিয়ার কথা

উল্লেখ করা হয়েছে। প্রথম কিস্তির দুই দশক পরের কাহিনী নিয়ে সাজানো এই সিক্যুয়েলে

এমিলি ব্লান্টের চরিত্রটি এখন বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড ‘ডিওর’-এর আমেরিকান

অঞ্চলের প্রধান। সিনেমাটি এডিটিংয়ের পর পরীক্ষামূলকভাবে কিছু দর্শককে দেখানো হলে

তারা সিডনি সুইনির দৃশ্যটি পছন্দ করেননি। দর্শকদের মতে, এই ক্যামিও দৃশ্যটি সিনেমার

মূল গল্পের প্রবাহের সাথে সংগতিপূর্ণ ছিল না, যার ফলে নির্মাতারা শেষ মুহূর্তে এটি

বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন।

সিডনি সুইনির পাশাপাশি অভিনেতা কনরাড রিকামোরার দৃশ্যটিও সিনেমা থেকে সরিয়ে নেওয়া

হয়েছে। এই অভিনেতা সিনেমায় মূল চরিত্র অ্যান্ডির (অ্যান হ্যাথাওয়ে) রুমমেট হিসেবে

অভিনয় করেছিলেন। তবে দর্শকদের পক্ষ থেকে প্রশ্ন ওঠে যে, দীর্ঘ ২০ বছর পেশাগত জীবনে

পার করা একজন সিনিয়র এক্সিকিউটিভ কেন এখনো রুমমেটের সাথে বসবাস করবেন। গল্পের এই

অযৌক্তিকতা এড়াতে নির্মাতারা শেষ পর্যন্ত অ্যান্ডির রুমমেটের দৃশ্যটিও চূড়ান্ত এডিট

থেকে বাদ দিয়েছেন।

কিছু দৃশ্য বাদ পড়লেও সিনেমাটিতে হলিউডের আরও কয়েকজন বড় তারকার উপস্থিতি নিশ্চিত

করা হয়েছে। মার্কিন পপ সেনসেশন লেডি গাগাকে একটি বিশেষ চরিত্রে দেখা যাওয়ার

পাশাপাশি তিনি সিনেমার সাউন্ডট্র্যাকের জন্য একটি গানও গেয়েছেন। এছাড়া ডোনাটেলা

ভারসাচি এবং সুপার মডেল নাওমি ক্যাম্পবেলকেও বিশেষ দৃশ্যে দেখা যাবে। মিলান ফ্যাশন

উইকের প্রেক্ষাপটে ধারণ করা তাদের এই ক্যামিও দৃশ্যগুলো সিনেমার চূড়ান্ত সংস্করণে

রাখা হয়েছে, যা দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে কাজ করবে।

ডেভিড ফ্র্যাঙ্কেল পরিচালিত এই সিক্যুয়েলে ২০ বছর পর আবারও পর্দায় ফিরছে মিরান্ডা

প্রিস্টলি (মেরিল স্ট্রিপ) ও অ্যান্ডি স্যাকস (অ্যান হ্যাথাওয়ে) জুটি। ২০০৬ সালে

মুক্তি পাওয়া প্রথম কিস্তিটির বিশ্বব্যাপী সাফল্যের পর এই দ্বিতীয় কিস্তি নিয়ে

দর্শকদের মাঝে শুরু থেকেই ব্যাপক উন্মাদনা রয়েছে। সম্প্রতি নিউইয়র্কে সিনেমাটির

জমকালো প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১ মে বিশ্বজুড়ে বড় পর্দায়

মুক্তি পাবে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা টু’।

পোস্টটি শেয়ার করুন