শনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬, ১২ই বৈশাখ, ১৪৩৩

নারী হকিতে বাংলাদেশের সামনে এশিয়ান গেমসের হাতছানি

বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে হকির ঐতিহ্য সুদীর্ঘ হলেও নারী হকিতে এতদিন কোনো সিনিয়র

জাতীয় দল ছিল না। এশিয়ান গেমসের বাছাইপর্বের মাধ্যমে প্রথমবারের মতো গঠিত জাতীয়

দলটি আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে। ইন্দোনেশিয়ায় চলমান এই

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে

উজবেকিস্তানকে পরাজিত করে ইতিহাস গড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এটিই বাংলাদেশের

প্রমিলা হকি দলের প্রথম আন্তর্জাতিক জয়।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে থাকা বাংলাদেশ ১১ মিনিটে শারিকা রিমনের

পেনাল্টি কর্নার থেকে গোল করে এগিয়ে যায়। তবে পরের মিনিটেই উজবেকিস্তানের

মাদিনাবানু খুজায়েভা পেনাল্টি কর্নারের সুবাদে সমতা ফেরান। ২৪ মিনিটে কনা আক্তারের

দর্শনীয় গোলে পুনরায় লিড নেয় বাংলাদেশ, ফলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায়

দল। বিরতি পরবর্তী সময়ে পেনাল্টি কর্নার থেকে রিয়ার গোলে ব্যবধান ৩-১ এ উন্নীত হয়।

চতুর্থ কোয়ার্টারের শুরুতেই উজবেকিস্তানের খেইদারোভা জুলখোমোর গোল করে ম্যাচে ফেরার

চেষ্টা করলেও শেষ ১৪ মিনিট নিশ্ছিদ্র রক্ষণভাগ ধরে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ঐতিহাসিক এই সাফল্যে উল্লাসে ফেটে পড়েন

খেলোয়াড়রা।

ম্যাচে অনবদ্য পারফরম্যান্সের সুবাদে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আইরিন আক্তার

রিয়া, যিনি আগের ম্যাচেও আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের হয়ে প্রথম গোলের কৃতিত্ব

অর্জন করেছিলেন। এমন অর্জনে উচ্ছ্বসিত রিয়া বলেন, ‘আমি অনেক খুশি হয়েছি আজকের খেলায়

বেস্ট প্লেয়ার হওয়ায়। আমাদের দলের সবাই সহায়তা করেছে যার কারণে আমি এখানে আসতে

পেরেছি।’ বর্তমানে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে

বাংলাদেশ। গ্রুপের সেরা দুই দল সেমিফাইনালে খেলার পাশাপাশি জাপানে অনুষ্ঠেয় এশিয়ান

গেমসে অংশগ্রহণের সুযোগ পাবে। আগামী পরশু হংকংয়ের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে মাত্র

এক পয়েন্ট পেলেই বাংলাদেশের সেমিফাইনাল ও এশিয়ান গেমসে খেলা নিশ্চিত হবে। যা

বাংলাদেশের নারী হকির জন্য এক নতুন যুগের সূচনা বলে মনে করা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন