মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬, ১৫ই বৈশাখ, ১৪৩৩

জেল খাটার অভিজ্ঞতা নিতে খুন, গ্রেপ্তার ৬ কিশোর

নারায়ণগঞ্জের ফতুল্লার ১১ বছরের শিশু হোসাইন হত্যা মামলার তদন্তে নেমে চাঞ্চল্যকর

এক কারণ খুঁজে পেয়েছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ছয়জন কিশোর

কেবল ‘জেল খাটার অভিজ্ঞতা’ পাওয়ার কৌতুহল থেকে হোসাইনকে হত্যা করে বলে দাবি

পুলিশের। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা

পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলেন, হত্যাকাণ্ডে জড়িত ছয়জনের বয়স ১৪ থেকে ১৮

বছরের মধ্যে। তাদের মধ্যে একজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি

দিয়েছে।

পুলিশ জানিয়েছে, ১৮ এপ্রিল ফতুল্লার শিয়াচর এলাকার ফুল বিক্রেতা সুমনের ছেলে হোসাইন

নিখোঁজ হয়। পাঁচ দিন পর শুক্রবার ফতুল্লা রেললাইন এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে

শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।

এসপি মিজানুর রহমান বলেন, নিখোঁজের দিন সকালে শিশুটি ওই পরিত্যক্ত বাড়ির সামনে

দিয়ে যাওয়ার সময় গাঁজা সেবনের প্রলোভন দেখিয়ে তাকে ভেতরে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে

ছয়জন মিলে হোসাইনকে হত্যা করে। হত্যাকাণ্ডে জড়িতরা সকলেই মাদকাসক্ত। তারা জেল খাটলে

কেমন লাগে, কেমন অভিজ্ঞতা হয় এই কৌতূহল থেকে কাউকে হত্যার পরিকল্পনা করে। ওইদিনই

দুর্ভাগ্যক্রমে হোসাইন ওই পথ দিয়ে যাচ্ছিল। পুরোনো কোনো দ্বন্দ্ব না থাকা সত্ত্বেও

শিশুটিকে চাকু দিয়ে বেশ কয়েকবার আঘাত করে হত্যা করা হয়।

পুলিশ সুপার বলেন, হত্যার পর লাশ সেখানে ফেলে পালিয়ে যায় তারা। তবে মৃতদেহের বিষয়ে

খোঁজ রাখতে আরেকজনকে হত্যাকাণ্ডের বিষয়টি জানানো হয়। মৃতদেহটি উদ্ধারের পর তদন্তের

এক পর্যায়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ১৮ বছরের এ কিশোর তখন পুরো বিষয়টি পুলিশকে

জানান।

পরে পুলিশ গত রোববার দুইজনকে বরিশাল থেকে এবং বাকিদের ফতুল্লার বিভিন্ন এলাকা থেকে

গ্রেপ্তার করে। তাদের স্থায়ী নিবাস বিভিন্ন জেলায় হলেও পরিবারের সঙ্গে ফতুল্লা

এলাকায় ভাড়াবাসায় থাকেন।

তবে এ ঘটনায় এখনো একজন পলাতক রয়েছে বলে জানিয়েছেন এসপি মিজানুর রহমান।

গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরিত্যক্ত ভবনটির একপাশে ময়লার স্তূপ থেকে

হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করে পুলিশ।

সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তাসমিন আক্তার এবং

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন