মঙ্গলবার, ৫ই মে, ২০২৬, ২২শে বৈশাখ, ১৪৩৩

চিফ হুইপের সাথে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণির সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য

সাক্ষাৎ করেছেন ইউনাইটেড ন্যাশন্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি)-এর একটি

প্রতিনিধিদল।

সাক্ষাৎকালে ইউএনডিপি-এর সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, সহকারী প্রোগ্রাম

উপদেষ্টা (গভর্ন্যান্স) ড্রাগন পপভিচ এবং প্রকল্প ব্যবস্থাপক মাহমুদুল হাসান

উপস্থিত ছিলেন। আলোচনায় স্ট্রেংদেনিং পার্লামেন্ট, ই-গভর্ন্যান্স, ই-পার্লামেন্ট,

দারিদ্র্য দূরীকরণ, পরিবেশ উন্নয়ন, বাক স্বাধীনতা, জাতীয় সংসদের অধিবেশন ও

কার্যপ্রণালি বিধি প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

এ সময় চিফ হুইপ নূরুল ইসলাম মণি বলেছেন, বাংলাদেশে পরিবেশগত ও অর্থনৈতিক বিভিন্ন

চ্যালেঞ্জ বিদ্যমান। এসব মোকাবিলায় বর্তমান সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ

বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে। পাশাপাশি

পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ ও খাল খননের মতো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সংসদকে আরও শক্তিশালী করা

জরুরি। সরকার ও বিরোধী দলের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হলে জাতীয় গুরুত্বপূর্ণ অনেক

সমস্যার সমাধান সহজ হয়। জ্বালানি খাতে বিশেষ কমিটি গঠনের মাধ্যমে ইতোমধ্যে ইতিবাচক

ফল পাওয়া গেছে। চিফ হুইপ বলেন, পারস্পরিক বিশ্বাস ও আস্থার ভিত্তিতেই একটি দেশ

এগিয়ে যেতে পারে। সুশাসন প্রতিষ্ঠায় গণতন্ত্র অপরিহার্য।

ড্রাগন পপভিচ বলেন, ইউএনডিপি বাংলাদেশে সংসদ সদস্য ও জনগণের মধ্যে সেতুবন্ধন গড়ে

তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে আগ্রহী। জাতীয় সংসদকে আরও কার্যকর ও গতিশীল করতে

ইউএনডিপি ও সংসদ একসাথে কাজ করতে আগ্রহী। সাক্ষাৎকালে জাতীয় সংসদ সচিবালয়ের

সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন