বুধবার, ২০শে মে, ২০২৬, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের মূল্য টানা তৃতীয়বারের মতো কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সংশোধিত মূল্য অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২

ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত হ্রাস পেয়ে ২ লাখ

৩৫ হাজার ৯৬৩ টাকায় দাঁড়িয়েছে, যা গতকাল ছিল ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। বুধবার সকালে

বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয় এবং এদিন সকাল ১০টা থেকেই নতুন এই

দর কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে ‘তেজাবি বা পিওর গোল্ড’-এর দাম কমে যাওয়ায়

আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে ঘরোয়া বাজারেও দাম কমানো হয়েছে। নতুন দরের

তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা, ১৮

ক্যারেটের দাম ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির মূল্য

১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে স্বর্ণের দাম কমলেও রুপার দাম

অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপা আগের মতোই ৫ হাজার ৬৫৭ টাকায় বিক্রি

হচ্ছে।

আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দাম কিছুটা পড়তির দিকে রয়েছে। স্বর্ণের বৈশ্বিক

বাজারদর সংক্রান্ত ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট ওআরজি-র তথ্যমতে, প্রতি আউন্স স্বর্ণের

দাম বর্তমানে ৪ হাজার ৪৬৫ ডলারে অবস্থান করছে। অথচ গত ২৯ জানুয়ারি বিশ্ববাজারে

আউন্স প্রতি স্বর্ণের দাম ৫ হাজার ৫৫০ ডলারে উঠে গিয়েছিল। উল্লেখ্য, ওই সময় দেশের

বাজারেও স্বর্ণের দাম নজিরবিহীনভাবে বেড়ে এক লাফে ১৬ হাজার ২১৩ টাকা বৃদ্ধি পেয়েছিল

এবং প্রতি ভরি ২ লাখ ৮৬ হাজার টাকায় পৌঁছে ইতিহাস গড়েছিল। বর্তমানে বিশ্ব

পরিস্থিতির অস্থিরতা কিছুটা স্থিমিত হওয়ায় দেশের বাজারে এই ইতিবাচক প্রভাব

পরিলক্ষিত হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন