বুধবার, ২০শে মে, ২০২৬, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

ঈদে দুই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে সিয়ামের ‘রাক্ষস’

গত রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া আলোচিত সিনেমাগুলো এবার কোরবানির ঈদে ঘরে

বসেই উপভোগ করার সুযোগ পাচ্ছেন দর্শকেরা। ইতোমধ্যে ‘দম’ ও ‘বনলতা এক্সপ্রেস’-এর

ওটিটি মুক্তির ঘোষণা এলেও এবার সেই তালিকায় যুক্ত হলো সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’

সিনেমার নাম। আসন্ন ঈদুল আজহার বিশেষ আকর্ষণ হিসেবে সিনেমাটি দেশের দুটি জনপ্রিয়

ওটিটি প্ল্যাটফর্ম—‘উৎসব’ এবং ‘আইস্ক্রিন’-এ একযোগে মুক্তি পেতে যাচ্ছে। মেহদী

হাসান হৃদয়ের পরিচালনায় এই চলচ্চিত্রটি মূলত একটি পাগলাটে প্রেমের গল্প এবং

ফ্যামিলি ড্রামাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে।

‘রাক্ষস’ সিনেমায় দর্শক সিয়াম আহমেদকে এক অনন্য ও চ্যালেঞ্জিং অবতারে দেখতে পাবেন।

এই চলচ্চিত্রে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন, যেখানে তাঁকে একই সঙ্গে নায়ক এবং

খলনায়ক—উভয় রূপেই দেখা যাবে। তাঁর অভিনীত চরিত্রটি একদিকে যেমন মানবিক, অন্যদিকে এক

বিশেষ পরিস্থিতির কারণে অত্যন্ত ভয়ংকর ও ধ্বংসাত্মক হয়ে ওঠে। এতে সিয়ামের বিপরীতে

কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন টালিউড অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়।

এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আলী রাজ, নাজনীন হাসান চুমকী ও সোহেল

মণ্ডলের মতো শক্তিশালী অভিনয়শিল্পীরা।

অন্যদিকে, ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে শাকিব

খান ও সিয়াম আহমেদের সিনেমা দিয়ে। আগামী ২১ মে থেকে এই প্ল্যাটফর্মটিতে ‘রাক্ষস’-এর

পাশাপাশি দেখা যাবে শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। আবু

হায়াত মাহমুদ পরিচালিত এই সিনেমায় শাকিবের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তাসনিয়া

ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু। ওটিটি মুক্তির আগে সিনেমাটির ডিজিটাল সংস্করণে ব্যাপক

পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে সাউন্ড, কালার গ্রেডিং এবং ভিএফএক্স নিয়ে

প্রেক্ষাগৃহের দর্শকদের যেসব অভিযোগ ছিল, প্রযোজনা প্রতিষ্ঠান তা সংশোধন করে আরও

উন্নত মানে সিনেমাটি প্রস্তুত করেছে।

প্লাটফর্মটির প্রধান নির্বাহী জাহিদ হাসান অভি নিশ্চিত করেছেন যে, মানসম্মত বিনোদন

পৌঁছে দেওয়ার লক্ষে তাঁরা নতুন এই যাত্রার জন্য রোজার ঈদের সেরা কন্টেন্টগুলোকেই

বেছে নিয়েছেন। ‘রাক্ষস’ ও ‘প্রিন্স’-এর মতো বড় প্রজেক্টগুলো ওটিটি দর্শকদের ঈদ

উদযাপনে ভিন্ন মাত্রা যোগ করবে। এর ফলে যারা ভিড় এড়িয়ে ঘরে বসে সিনেমা দেখতে পছন্দ

করেন, তাঁদের জন্য এবার এক বিশাল সুযোগ তৈরি হয়েছে। মূলত প্রযুক্তিগত উৎকর্ষ আর

জনপ্রিয় তারকাদের উপস্থিতিতে ওটিটির দুনিয়ায় এক নতুন প্রতিযোগিতার আভাস পাওয়া

যাচ্ছে।

উল্লেখ্য যে, ২১ মে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে আফরান নিশোর ‘দম’ এবং

২৪ মে হইচই-এ আসছে তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’। বড় পর্দা থেকে ডিজিটাল

প্ল্যাটফর্মে সিনেমার এই স্থানান্তর বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য একটি

ইতিবাচক দিক হিসেবে দেখা হচ্ছে। ওটিটি প্ল্যাটফর্মগুলোর এই সরব উপস্থিতি প্রমাণ করে

যে, দর্শকরা এখন বৈচিত্র্যময় এবং উন্নত মানের দেশি কন্টেন্টের প্রতি আগের চেয়ে অনেক

বেশি আগ্রহী হয়ে উঠছেন। এবারের ঈদে তাই দর্শকদের বসার ঘরই হয়ে উঠবে এক একটি মিনি

সিনেমা হল।

পোস্টটি শেয়ার করুন