শুক্রবার, ২২শে মে, ২০২৬, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াত করছে: শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করে বলেছেন, জামায়াত ‘ইসলাম

ধর্ম’―কে ব্যবহার করে রাজনীতি ও ব্যবসা করছে। তিনি দাবি করেন, দেশে যত ধরনের অপকর্ম

হচ্ছে তার পেছনে জামায়াত জড়িত, অথচ এসবের দায় চাপিয়ে দেওয়া হচ্ছে বিএনপির ওপর।

বৃহস্পতিবার (২১ মে) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসি

অ্যাসোসিয়েশনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, দেশের মানুষ ইতিহাস এবং বর্তমান বাস্তবতা সম্পর্কে

সম্পূর্ণ সচেতন। তাই কোনো ধরনের মিথ্যাচার বা অপপ্রচার চালিয়ে জনগণের আস্থা নষ্ট

করা যাবে না। বর্তমানে জনগণের মূল সমর্থন বিএনপির পক্ষেই রয়েছে। একটি বিশেষ গোষ্ঠী

দেশে বিভিন্ন অপকর্ম ঘটিয়ে তার দায় বর্তমান সরকারের ওপর চাপানোর চেষ্টা করছে বলেও

তিনি মন্তব্য করেন। তার মতে, যারা ইসলামকে ব্যবহার করছে, তারা মূলত ইসলামের

বিরুদ্ধেই ভূমিকা রাখছে এবং মিথ্যাচারই তাদের রাজনীতির প্রধান হাতিয়ার।

বিগত সরকারের সমালোচনা করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, দেশে হামের প্রাদুর্ভাব

সম্পর্কে আগের সরকারকে কয়েকবার লিখিতভাবে সতর্ক করা হলেও তারা ব্যর্থ হয়েছে।

বিএনপির আমলে নির্মূল হওয়া হামের মতো রোগ পূর্ববর্তী সরকারের ব্যর্থতার কারণে দেশে

আবার ফিরে এসেছে। তবে বর্তমান সরকার এখন জরুরি ভিত্তিতে এই বিষয়টি অত্যন্ত

গুরুত্বের সঙ্গে দেখছে। একই সঙ্গে দেশের ফার্মাসিস্টদের ভূমিকার প্রশংসা করে তিনি

বলেন, আগে ফার্মেসিগুলো দ্রুত বন্ধ হয়ে গেলেও এখন তারা জাতীয় দায়িত্ববোধ থেকে

সারারাত সেবা দিচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয়।

জামায়াতে ইসলামীর অতীত ভূমিকার কথা উল্লেখ করে দুদু বলেন, ইতিহাসের ধারায় তারা

কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। ১৯৭১ সালে কারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল এবং কারা

পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল, তা দেশের মানুষ ভালো করেই জানে। বর্তমানে

দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ করে তিনি

বলেন, অতীতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো একটি নির্দিষ্ট গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল। এখন

সেখানে প্রকৃত শিক্ষাবিদদের দায়িত্ব দেওয়ার চেষ্টা করা হলে একটি পক্ষ বিশৃঙ্খলা

তৈরির অপচেষ্টা চালাচ্ছে।

অপরাধীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে শামসুজ্জামান দুদু স্পষ্ট করেন যে, যারা অপকর্ম

করছে তারা বিএনপির কেউ নয় এবং অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। কেউ

যদি বিএনপির নাম ব্যবহার করে কোনো অপরাধে লিপ্ত হয়, তাকে অবিলম্বে আইনের হাতে তুলে

দেওয়ার জন্য তিনি নির্দেশ দেন। একই সঙ্গে কোথাও কোনো অপকর্ম হচ্ছে কি না, সেদিকে

কড়া নজর রাখার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

পোস্টটি শেয়ার করুন