দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে জরুরি
ভিত্তিতে তিন কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির চূড়ান্ত সিদ্ধান্ত
নিয়েছে সরকার। এই আমদানিতে সরকারের মোট ব্যয় হবে ২ হাজার ৩৩০ কোটি ৮১ লাখ ৬৪ হাজার
৪৩২ টাকা।
শনিবার (২৩ মে) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই গুরুত্বপূর্ণ প্রস্তাবটির
অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠকের কার্যবিবরণী থেকে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সুপারিশের
ভিত্তিতে এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০২৫ অনুসরণ করে আন্তর্জাতিক দরপত্র
প্রক্রিয়ায় এই গ্যাস সংগ্রহের সিদ্ধান্ত গৃহীত হয়। আমদানিকব্য এই তিন কার্গোর
সময়সূচিও ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ১৫-১৬ জুন প্রথম কার্গো,
২১-২২ জুন দ্বিতীয় এবং ২৫-২৬ জুন সময়ের মধ্যে তৃতীয় কার্গোটি দেশে পৌঁছানোর কথা
রয়েছে।
এবারের এলএনজি আমদানির ক্ষেত্রে সরবরাহকারী হিসেবে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যের
দুটি প্রতিষ্ঠানকে নির্বাচন করা হয়েছে। সভা সূত্রে জানানো হয়েছে যে, দক্ষিণ কোরিয়ার
‘পসকো ইন্টারন্যাশনাল করপোরেশন’ থেকে দুই কার্গো এবং যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত
জ্বালানি প্রতিষ্ঠান ‘টোটালএনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড’ থেকে এক কার্গো
এলএনজি কেনা হবে। সরকারের এই দ্রুত পদক্ষেপের ফলে শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাসের
নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।





