সোমবার, ১লা জুন, ২০২৬, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

ফ্রেঞ্চ ওপেন থেকে ইগা শিয়াতেকের বিদায়

চলমান ফ্রেঞ্চ ওপেনে বড় তারকাদের বিদায়ের মিছিলে নতুন করে যুক্ত হলেন নারী এককের

শীর্ষ তারকা ও চারবারের চ্যাম্পিয়ন ইগা শিয়াতেক। রবিবার অনুষ্ঠিত ম্যাচে ইউক্রেনের

মার্তা কস্তুকের কাছে সরাসরি সেটে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন এই

পোলিশ তারকা। পঞ্চম ফরাসি ওপেন শিরোপার লক্ষ্যে কোর্টে নামা শিয়াতেকের এই আকস্মিক

বিদায় টেনিস বিশ্বে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। রোলাঁ গারোর লাল মাটিতে

শিয়াতেকের আধিপত্য থাকলেও এদিন কস্তুকের আগ্রাসী ফর্মের সামনে তিনি অসহায় হয়ে পড়েন।

ম্যাচটিতে কস্তুক শুরু থেকেই শিয়াতেককে চাপে রাখেন। প্রথম সেটে দুপক্ষের মধ্যে

হাড্ডাহাড্ডি লড়াই চললেও শেষ পর্যন্ত ৭-৫ ব্যবধানে জয় ছিনিয়ে নেন ইউক্রেনীয় এই

তারকা। দ্বিতীয় সেটে শিয়াতেক আর ঘুরে দাঁড়াতে পারেননি, ফলে কস্তুক ৬-১ গেমে দাপুটে

জয় নিশ্চিত করে সরাসরি সেটে ম্যাচটি জিতে নেন। এর আগে তিনবারের মুখোমুখি লড়াইয়ে

শিয়াতেকের বিপক্ষে একটি সেটও জিততে পারেননি কস্তুক; কিন্তু আজকের এই জয়ে তিনি

ক্যারিয়ারের অন্যতম বড় মাইলফলক স্পর্শ করলেন।

এবারের ফ্রেঞ্চ ওপেন শুরু থেকেই একের পর এক অঘটনের সাক্ষী হয়ে থাকছে। শিয়াতেকের

বিদায়ের আগে পুরুষ ইভেন্টের বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ এবং ইয়ানিক সিনারের

মতো শীর্ষ তারকাদের প্রস্থান ঘটেছিল। এমনকি গতদিন বিদায় নিয়েছেন আরেক শক্তিশালী

প্রতিযোগী কোকো গফ। শীর্ষ সারির খেলোয়াড়দের এমন বিদায়ে টুর্নামেন্টটি এখন নতুন কোনো

চ্যাম্পিয়ন পাওয়ার পথে এগোচ্ছে, যা টেনিস ভক্তদের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি করেছে।

অভাবনীয় এই জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করে মার্তা কস্তুক জানিয়েছেন যে, তিনি এখনো এক

ঘোরলাগা মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছেন। কস্তুকের মতে, তিনি জয়-পরাজয়ের কথা না ভেবে

কেবল টেনিসের প্রতি ভালোবাসা থেকেই নিজের স্বাভাবিক খেলাটা খেলেছেন। কোয়ার্টার

ফাইনালে এই ইউক্রেনীয় তারকা এখন মুখোমুখি হবেন ইউক্রেনের এলিনা স্ভিতোলিনা অথবা

সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিচের। শিয়াতেকের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে

কস্তুক এখন টুর্নামেন্টের অন্যতম দাবিদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন।

পোস্টটি শেয়ার করুন