মঙ্গলবার, ২রা জুন, ২০২৬, ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

আইএলও’র সম্মেলনে সহ-সভাপতির পদে বাংলাদেশ

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে গুরুত্বপূর্ণ

দায়িত্ব পেয়েছে বাংলাদেশ। সংস্থার সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মত সমর্থনে সম্মেলনের

সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জেনেভায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী

প্রতিনিধি নাহিদা সোবহান।

আজ মঙ্গলবার জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো

হয়।

শ্রম অধিকার, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা ও ন্যায়বিচারসংক্রান্ত বৈশ্বিক

নীতিনির্ধারণে আন্তর্জাতিক শ্রম সম্মেলনকে আইএলওর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী

ফোরাম হিসেবে বিবেচনা করা হয়। এ সম্মেলনে বাংলাদেশি প্রতিনিধির এ নির্বাচনকে

আন্তর্জাতিক অঙ্গনে দেশের কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

এবারের সম্মেলনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন উরুগুয়ের শ্রম ও সামাজিক

সুরক্ষাবিষয়ক মন্ত্রী জুয়ান কাস্টিলো। সহ-সভাপতি হিসেবে তার সঙ্গে কাজ করবেন

বাংলাদেশের নাহিদা সোবহান, আর্জেন্টিনার জেরার্দো মার্তিনেজ এবং যুক্তরাষ্ট্রের

ক্রিস্টেন কফম্যান।

বাংলাদেশের স্থায়ী মিশনের মতে, এই নির্বাচন বৈশ্বিক শ্রম ব্যবস্থাপনায় বাংলাদেশের

সক্রিয় অংশগ্রহণ, শোভন কর্মসংস্থান নিশ্চিতকরণ, শ্রমিকের অধিকার সুরক্ষা এবং

সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় দেশের অঙ্গীকারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের

আস্থার প্রতিফলন।

এছাড়া শ্রম খাতে উদ্ভূত নতুন চ্যালেঞ্জ মোকাবিলা এবং বহুপাক্ষিক সহযোগিতা জোরদারে

বাংলাদেশের ভূমিকারও আন্তর্জাতিক স্বীকৃতি মিলেছে এই নির্বাচনের মাধ্যমে।

সহ-সভাপতির দায়িত্বে থেকে বাংলাদেশ আইএলওভুক্ত দেশগুলোর মধ্যে বিভিন্ন শ্রম ও

কর্মসংস্থানবিষয়ক গুরুত্বপূর্ণ ইস্যুতে মতৈক্য গড়ে তুলতে এবং নীতিনির্ধারণী আলোচনায়

সক্রিয় ভূমিকা রাখবে।

প্রতি বছর অনুষ্ঠিত এই সম্মেলনে সরকার, শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা অংশ নিয়ে

বৈশ্বিক শ্রমবাজারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এবারের অধিবেশনে বিশ্বের

বিভিন্ন দেশ থেকে প্রায় পাঁচ হাজার প্রতিনিধি অংশ নিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন