শনিবার, ৬ই জুন, ২০২৬, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

বিশ্বকাপের গ্যালারিতে নিষিদ্ধ ভুভুজেলা, আচরণবিধিতে কড়াকড়ি ফিফার

২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সেই বহুল আলোচিত প্লাস্টিকের লম্বা বাঁশি বা

ভুভুজেলার কথা ফুটবলপ্রেমীদের স্মৃতিতে আজও অমলিন। শৈশবে মেলা থেকে কেনা সাধারণ

বাঁশির মতো দেখতে এই যন্ত্রটি ফুঁ দিয়ে দর্শকরা আনন্দ পেলেও এর তীব্র শব্দে

খেলোয়াড়, কোচ এবং রেফারিদের মনোযোগ মারাত্মকভাবে বিঘ্নিত হতো। এমনকি ভুভুজেলার

গগনবিদারী শব্দের কারণে মাঠের ফুটবলাররা রেফারির ফাউলের বাঁশি পর্যন্ত শুনতে না

পেরে খেলা চালিয়ে যেতেন। এমন তিক্ত অভিজ্ঞতার প্রেক্ষাপটে এবার যুক্তরাষ্ট্র,

কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ভুভুজেলাকে পুরোপুরি নিষিদ্ধ করেছে

ফিফা।

ফিফার নতুন স্টেডিয়াম আচরণবিধি অনুযায়ী কেবল ভুভুজেলা নয়, শব্দদূষণ তৈরি করতে পারে

এমন সব ধরণের যন্ত্রই গ্যালারিতে নিষিদ্ধ করা হয়েছে। এর পাশাপাশি গ্যালারি থেকে

লেজার রশ্মি নিক্ষেপ করার মতো যন্ত্রের প্রবেশও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। মূলত

খেলার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতেই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি এমন কঠোর

অবস্থান গ্রহণ করেছে।

দর্শকদের পোশাকের বিষয়েও এবার বিশেষ ও কড়াকড়ি নির্দেশনা জারি করা হয়েছে। ফিফার নিয়ম

অনুযায়ী, শরীরে কেবল রঙ করা বা ট্যাটু আঁকাকে পূর্ণাঙ্গ পোশাক হিসেবে গণ্য করা হবে

না। গ্যালারিতে বা খেলার মাঠে নগ্ন হয়ে দৌড়ানো, অশালীনভাবে শরীর প্রদর্শন কিংবা

পোশাক খুলে শরীরের সংবেদনশীল অংশ দেখানো কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া

নিরাপত্তার স্বার্থে স্টেডিয়ামের ভেতরে ব্যক্তিগত পানির বোতল নিয়ে প্রবেশের ওপরও

কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

ফিফা স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছে যে, এই আচরণবিধি লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে

স্টেডিয়ামে প্রবেশ করতে দেওয়া হবে না। যদি কেউ কোনোভাবে ভেতরে প্রবেশ করার পর নিয়ম

ভঙ্গ করেন এবং কর্তৃপক্ষের নজরে আসেন, তবে তাকে তাৎক্ষণিকভাবে স্টেডিয়াম থেকে বের

করে দেওয়া হবে। ফুটবলের বিশ্ব আসরে শৃঙ্খলা বজায় রাখতে মাঠ ও গ্যালারির নিরাপত্তায়

নিয়োজিত কর্মীরা নিয়মিত নজরদারি চালাবেন।

পোস্টটি শেয়ার করুন