পদাধিকারবলে জেলা প্রশাসককে সভাপতি এবং স্থানীয় ক্রীড়া ক্রীড়াবিদ ও ক্রীড়াবিদ আলী
হায়দার বাবলুকে সদস্য সচিব করে ৭ সদস্যবিশিষ্ট বান্দরবান পার্বত্য জেলা ক্রীড়া
সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদ, ক্রীড়া শাখার নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন
স্বাক্ষরিত পক্ষ থেকে এ সংক্রান্ত একটি অনুমোদনপত্র জারি করা হয়।
পত্রটিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, জাতীয়
ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারাঃ ২ (১৫)-এ উল্লিখিত স্থানীয় ক্রীড়া সংস্থার
সংশ্লিষ্ট গঠনতন্ত্র মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের উপর অর্পিত ক্ষমতা অনুসরণে
বান্দরবান পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন,
২০১৮ এর ধারাঃ ২ (৪) ও ৮-এ বর্ণিত পরিষদের মাননীয় চেয়ারম্যান কর্তৃক সদয়
অনুমোদিত হয়েছে।
এতে বান্দরবান জেলা প্রশাসকে সভাপতি, সদস্য পদে বান্দরবান পার্বত্য জেলা পুলিশ
সুপার, বান্দরবান পার্বত্য জেলারঅতিরিক্ত জেলা প্রশাসককে (সার্বিক), উপপরিচালক জেলা
সমাজ সেবা,জেলা ক্রীড়া অফিসার, স্থানীয় ক্রীড়াবিদ মো. জাহাঙ্গীর আলম ও আলী হায়দার
বাবলুকে সদস্য সচিব করা হয়।অনুমোদিত অ্যাডহক কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার
গঠনতন্ত্র মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে গঠনতন্ত্রে উল্লেখিত পদ্ধতিতে নির্বাচন
আয়োজনের ব্যবস্থা গ্রহন করবেন বলে উল্লেখ করা হয় এই পত্রটিতে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ক্রিড়াবিদ বলেন, নতুন এ কমিটির মাধ্যমে দীর্ঘদিন ধরে
স্থবির হয়ে থাকা বিভিন্ন ক্রীড়া কার্যক্রমে গতি ফিরে আসবে। বিশেষ করে জেলার ফুটবল,
ক্রিকেট, অ্যাথলেটিক্সসহ বিভিন্ন খেলাধুলার উন্নয়ন, খেলোয়াড় বাছাই, প্রশিক্ষণ
কার্যক্রম পরিচালনা এবং প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা
রাখবে।
আলী হায়দার বাবলু বলেন, জেলার ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে তিনি সকল
ক্রীড়া সংগঠক, খেলোয়াড় এবং সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করছেন। তরুণ প্রজন্মকে
খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং জাতীয় পর্যায়ে বান্দরবানের ক্রীড়াবিদদের
অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে কাজ করবেন বলেও তিনি জানান।
এবিষয়ে জানতে বান্দবান জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসের মুঠোফোনে কল ও
ক্ষুদেবার্তা পাঠিয়েও প্রতিউত্তর পাওয়া যায় নি।





