মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে ২০২৬ ফুটবল বিশ্বকাপের জমকালো উদ্বোধনী
অনুষ্ঠানে নাইজেরিয়ার শিল্পী বার্না বয়ের সঙ্গে এবারের অফিশিয়াল থিম সং ‘দাই
দাই’ লাইভ পরিবেশন করে মঞ্চ মাতিয়েছেন পপ সম্রাজ্ঞী শাকিরা।
২০১০ বিশ্বকাপের সেই কালজয়ী ‘ওয়াকা ওয়াকা’র পর আবারও বিশ্বকাপের মঞ্চে কলম্বিয়ান
এই তারকার প্রত্যাবর্তন সন্ধ্যার সবচেয়ে আলোচিত মুহূর্ত হলেও, তা রূপ নিয়েছে এক
নতুন বিতর্কে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক দর্শক দাবি করছেন যে, উদ্বোধনী
অনুষ্ঠানে মঞ্চে পারফর্ম করা ব্যক্তিটি আসলে প্রকৃত শাকিরা ছিলেন না, বরং তাঁর কোনো
‘ডামি’ বা প্রতিরূপ (বডি ডাবল) ছিল।
মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক মার্কার এক প্রতিবেদনে এই গুঞ্জনের বিষয়টি উঠে এসেছে,
যেখানে নেটিজেনরা গায়িকার চেনা শারীরিক ভঙ্গি ও চলাফেরার অমিল এবং পারফরম্যান্সের
সময় একটি নির্দিষ্ট নাচের স্টেপ মিস করার বিষয়টিকে সন্দেহের কারণ হিসেবে দাঁড়
করিয়েছেন।
এ ছাড়া পুরো পরিবেশন জুড়েই শাকিরার গাঢ় রঙের সানগ্লাস পরে থাকা এবং সাম্প্রতিক
সময়ে লাতিন আমেরিকায় তাঁর হুবহু সদৃশ ভেনেজুয়েলীয় ছদ্মবেশী শিল্পী ‘শাকিবেকা’র
তুমুল জনপ্রিয়তার বিষয়টি এই জল্পনাকল্পনাকে আরও উসকে দিয়েছে; তবে এই গুঞ্জনের
বিপরীতে এখন পর্যন্ত শাকিরা কিংবা তাঁর টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য
পাওয়া যায়নি।





