শনিবার, ১৩ই জুন, ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

১৬ বছর পর ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের শিরোপা পুনরুদ্ধার

চলমান ঢাকা প্রিমিয়ার লিগের অন্তিম রাউন্ডের লড়াই শুক্রবার মাঠে গড়িয়েছিল। শিরোপার

দৌড়ে টিকে ছিল তিনটি শক্তিশালী দল, যেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাবের চ্যাম্পিয়ন

হওয়ার সমীকরণ ছিল বেশ কঠিন। শিরোপা জিততে তাদের নিজেদের জয়ের পাশাপাশি প্রয়োজন ছিল

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের পরাজয়। বৃষ্টির বাগড়া দেওয়া দিনে নাটকীয়ভাবে

নিজেদের ম্যাচে জয় তুলে নেয় মোহামেডান, আর অন্যদিকে হেরে যায় প্রাইম ব্যাংক।

এই জয়ের মাধ্যমে দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় অর্থাৎ ১৬ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে

ঢাকা প্রিমিয়ার লিগে শ্রেষ্ঠত্ব অর্জন করল মোহামেডান। দেশের ঐতিহ্যবাহী এই ক্লাবটি

এর আগে সর্বশেষ ২০০৯-১০ মৌসুমে শিরোপার স্বাদ পেয়েছিল। সব মিলিয়ে ঘরোয়া ক্রিকেটের

এই মর্যাদাপূর্ণ আসরে এটি তাদের দশম শিরোপা জয়।

বিকেএসপির ৩ নম্বর মাঠে লিগের শেষ দিনে আবাহনী লিমিটেডের মুখোমুখি হয়ে নির্ধারিত

ওভারে ৪০৬ রানের পাহাড়সম সংগ্রহ গড়ে মোহামেডান। জবাবে আবাহনী ২৪.৪ ওভারে ৪ উইকেট

হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করার পর বজ্রপাত ও প্রবল বৃষ্টির কারণে ম্যাচটি আর চালানো

সম্ভব হয়নি। এমতাবস্থায় ডাকওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিতে মোহামেডানকে ৬৩ রানে জয়ী

ঘোষণা করেন ম্যাচ কর্মকর্তারা।

একই সময়ে পাশের মাঠে ঢাকা লেপার্ডসের বিপক্ষে লড়াইয়ে নামে শিরোপাপ্রত্যাশী অন্য দল

প্রাইম ব্যাংক। তারা প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৬৬ রান সংগ্রহ করে। লক্ষ্য তাড়া

করতে নেমে লেপার্ডস ২৯.১ ওভারে ৩ উইকেটে ১৪২ রান তোলার পর আবহাওয়া প্রতিকূল হয়ে

পড়লে খেলা বন্ধ হয়ে যায়। দীর্ঘ দেড় ঘণ্টারও বেশি সময় অপেক্ষার পর ডাকওয়ার্থ লুইস

স্টার্ন পদ্ধতিতে লেপার্ডসকে ৮ রানে জয়ী ঘোষণা করা হয়।

লিগের ১১টি ম্যাচ শেষে ৯টি জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে শিরোপা নিশ্চিত

করে মোহামেডান। অন্যদিকে সমান ৮টি করে জয় নিয়ে ১৬ পয়েন্ট সংগ্রহ করে আবাহনী ও

প্রাইম ব্যাংক। তবে মুখোমুখি লড়াইয়ের (হেড টু হেড) সমীকরণে এগিয়ে থাকায় রানার্স-আপ

হওয়ার গৌরব অর্জন করে আবাহনী।

দলের এই ঐতিহাসিক সাফল্যে বর্তমানে অস্ট্রেলিয়া সিরিজের জন্য জাতীয় দলের ক্যাম্পে

থাকা অধিনায়ক তাওহীদ হৃদয় নিজের আবেগ সংবরণ করতে পারেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে

তিনি লিখেছেন, ‘১৬ বছর পর!! হ্যাঁ, দীর্ঘ ১৬ বছর পর আবার চ্যাম্পিয়ন হলো মোহামেডান

স্পোর্টিং ক্লাব। আমার খুব ইচ্ছে ছিল এখন দলের সঙ্গে থাকার। আমি ওদের খুব মিস করছি,

মিস করছি চ্যাম্পিয়ন হওয়ার উদযাপন আর অবশ্যই মিস করছি ট্রফিটা। দলের অধিনায়ক হিসেবে

আমি ওদের জন্য অত্যন্ত গর্বিত, ওদের জন্য অনেক আনন্দিত এবং আনন্দের এই মুহূর্তে

আমিও দূর থেকে ওদের সাথেই চোখে জল ফেলছি। মোহামেডান স্পোর্টিং ক্লাবের সকল

ভক্ত-সমর্থকদের অনেক অনেক অভিনন্দন.. ।‘

এদিকে ক্লাবের এই অনন্য অর্জনে মোহামেডান তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম পেজে এক

বার্তায় জানিয়েছে, ‘অত্যন্ত আনন্দ ও উল্লাসের সাথে জানানো যাচ্ছে যে, ঢাকা

প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ২০২৫-২০২৬ সিজনে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী

লিমিটেডকে পরাজিত করে একটি গৌরবময় চ্যাম্পিয়নশিপ জয় অর্জন করেছে মোহামেডান

স্পোর্টিং ক্লাব লিমিটেড। এই অসাধারণ সাফল্যের জন্য খেলোয়াড়, কোচিং স্টাফ,

ক্রিকেট কমিটির চেয়ারম্যান, সংশ্লিষ্ট পরিচালক, কর্মকর্তা, সমর্থক ও সম্মানিত

সদস্যদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।’

পোস্টটি শেয়ার করুন