বুধবার, ১৭ই জুন, ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩

‘আল্লাহু আকবার’ খচিত ইরাকের পতাকা মাটিতে নামাল না ফিফা

ফুটবল বিশ্বকাপের মঞ্চে প্রচলিত প্রথা ভেঙে ধর্মীয় অনুভূতি ও জাতীয় ঐতিহ্যের

প্রতি সম্মান প্রদর্শন করে বিশ্বজুড়ে প্রশংসা কুড়াচ্ছে ফিফা। সৌদি আরবের পর এবার

ইরাকের জাতীয় পতাকার ক্ষেত্রেও বিশেষ মর্যাদা নিশ্চিত করেছে ফুটবলের সর্বোচ্চ এই

নিয়ন্ত্রক সংস্থাটি।

সাধারণত বিশ্বকাপের প্রতিটি ম্যাচ শুরুর আগে অংশগ্রহণকারী দেশগুলোর বিশালাকার পতাকা

মাঠে নামিয়ে প্রদর্শন করার নিয়ম রয়েছে। তবে সৌদি আরবের পতাকায় পবিত্র ‘কালিমা’ খচিত

থাকায় ফিফা সেটি মাটি স্পর্শ করতে দেয়নি, যা নিয়ে আগেই ব্যাপক ইতিবাচক আলোচনা

হয়েছিল। এবার ইরাকের পতাকার ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করল ফিফা। ইরাকি পতাকায়

পবিত্র ‘আল্লাহু আকবার’ বাণী লেখা থাকায় সেটিও মাটিতে না নামিয়ে উঁচিয়ে প্রদর্শন

করা হয়েছে।

ফিফা শুরুতে ওজনজনিত কারণে মাঠের ঘাস নষ্ট হওয়ার আশঙ্কায় এই অনুরোধটি বাতিল করার

কথা ভাবলেও শেষ পর্যন্ত তারা প্রাক-ম্যাচ অনুষ্ঠানে ইরাকের পতাকাটি সসম্মানে উঁচিয়ে

রাখার ব্যবস্থা করে। তবে কেবল একটি দেশের পতাকাকে বিশেষ মর্যাদা দিলে অন্য দলের

প্রতি বৈষম্য হতে পারে—এমন বিতর্ক এড়াতে ফিফা অত্যন্ত বুদ্ধিদীপ্ত ও নিরপেক্ষ

সিদ্ধান্ত নেয়। ইরাকের পাশাপাশি তাদের প্রতিপক্ষ নরওয়ের জাতীয় পতাকাটিও পুরো

অনুষ্ঠান চলাকালীন সমান উচ্চতায় উঁচিয়ে রাখা হয়। এর ফলে মাঠে উভয় দেশের প্রতি সমান

মর্যাদা ও এক অনন্য ভ্রাতৃত্বের আবহ তৈরি হয়।

উল্লেখ্য, বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে শুধুমাত্র সৌদি আরব ও ইরাকের

জাতীয় পতাকায় ধর্মীয় পবিত্র লিপি বা বাণী খচিত রয়েছে। ফিফার এই সময়োপযোগী ও

সংবেদনশীল পদক্ষেপটি বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক সমাদৃত হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন