, ,

আলিবাবার মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশি পণ্যের প্রসারের আহ্বান

বাংলাদেশের রপ্তানিযোগ্য বিভিন্ন পণ্যকে বিশ্বের অন্যতম বৃহৎ ই-কমার্স প্ল্যাটফর্ম

আলিবাবা ডটকমে আরও জোরালোভাবে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন চিটাগাং চেম্বার

অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক। চট্টগ্রামের

আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আলিবাবা ডটকমের একটি প্রতিনিধিদলের সঙ্গে

অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে তিনি এই গুরুত্বারোপ করেন। তিনি মনে করেন, বাংলাদেশের

বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে দেশি পণ্যের প্রচার ও প্রসার

বৃদ্ধি করা এখন সময়ের দাবি।

বৈঠকে মোহাম্মদ আমিরুল হক বলেন, “দেশের অর্থনীতি এখন নতুন রূপান্তরের পর্যায়ে

রয়েছে। বাণিজ্য সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং রপ্তানি সক্ষমতা বাড়াতে

সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের পণ্যকে আন্তর্জাতিক

বাজারে আরও বিস্তৃতভাবে তুলে ধরা প্রয়োজন।” তিনি চট্টগ্রামের আনোয়ারায় চীনা

বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন এবং বন্ডেড ওয়্যারহাউস ও ফ্রি-ট্রেড জোন

প্রতিষ্ঠার প্রসঙ্গ টেনে জানান যে, এই অঞ্চলগুলোতে রপ্তানিমুখী শিল্প ও সেবা খাত

গড়ে তোলার বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে। তিনি চীনা অর্থনৈতিক অঞ্চল ও ফ্রি-ট্রেড জোনে

রপ্তানিনির্ভর শিল্প এবং ইনটেক সার্ভিস স্টেশন স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিনিধিদলের পক্ষে আলিবাবার পাকিস্তান ও বাংলাদেশের জেনারেল ম্যানেজার গাওয়া

সামার জানান, আলিবাবার প্ল্যাটফর্মে বর্তমানে প্রায় পাঁচ কোটি সক্রিয় ক্রেতা এবং

দুই লাখের বেশি সরবরাহকারী রয়েছে। বাংলাদেশের বিশাল বাজার ও সম্ভাবনাকে আলিবাবা

অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তিনি বিশেষভাবে চট্টগ্রাম অঞ্চলের কৃষিপণ্য

ও সামুদ্রিক খাদ্যের বৈশ্বিক চাহিদার কথা উল্লেখ করে বলেন, তৈরি পোশাকের বাইরে

রপ্তানি ঝুড়িতে বৈচিত্র্য আনতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের এই ডিজিটাল

প্ল্যাটফর্মে যুক্ত করার কাজ চলছে। এই উদ্যোগের অংশ হিসেবেই চট্টগ্রামে আলিবাবার

একটি বিশেষ সেন্টার চালু করা হয়েছে, যেখান থেকে স্থানীয় উদ্যোক্তারা প্রয়োজনীয়

প্রশিক্ষণ ও রপ্তানি সংক্রান্ত তথ্য পাবেন।

চেম্বারের সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী সভায় মন্তব্য করেন যে, ই-কমার্স

খাতে এগোতে হলে তরুণ উদ্যোক্তাদের নিবিড় প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। আলিবাবা তাদের

দক্ষতা উন্নয়নে এবং রপ্তানি বহুমুখীকরণে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে তিনি আশাবাদ

ব্যক্ত করেন। সভায় চেম্বারের পরিচালকবৃন্দসহ আলিবাবার আঞ্চলিক পর্যায়ের শীর্ষ

কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন