জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করতে বিদ্যমান নিয়ম
পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সে লক্ষ্যে বর্তমান স্ট্যান্ডার্ড
অপারেটিং প্রসিডিউর (এসওপি) পর্যালোচনা ও সংশোধনের প্রস্তাব তৈরিতে পাঁচ সদস্যের
একটি কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২২ জুন) ইসির এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক জাকির মাহমুদের সই করা এক
চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়, জাতীয় পরিচয়পত্র সেবা সহজীকরণ ও বিদ্যমান এসওপি পর্যালোচনা বিষয়ে
একটি কর্মশালা আয়োজনের লক্ষ্যে কমিটি গঠন করা হলো।
পাঁচ সদস্যের এ কমিটিতে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন এনআইডি অনুবিভাগের
পরিচালক (প্রশাসন ও অর্থ) আর সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন সহকারী পরিচালক
(গবেষণা ও উন্নয়ন)।
এতে আরও বলা হয়েছে, এ কমিটি জাতীয় পরিচয়পত্র সেবা সহজীকরণ ও বিদ্যমান এসওপি
পর্যালোচনা বিষয়ে একটি কর্মশালা আয়োজনের জন্য প্রস্তাবনা ডিজি এনআইডির কাছে
উপস্থাপন করতে হবে।





