, ,

স্যামসাংকে টপকে দক্ষিণ কোরিয়ার শীর্ষ কোম্পানির  চিপ নির্মাতা এসকে হাইনিক্স

দক্ষিণ কোরিয়ার পুঁজিবাজারে এক যুগান্তকারী পরিবর্তন ঘটেছে। দীর্ঘ প্রায় দুই দশকেরও

বেশি সময় পর দেশটির সবচেয়ে মূল্যবান কোম্পানির তকমা হারিয়েছে টেক জায়ান্ট স্যামসাং

ইলেকট্রনিকস। স্যামসাংকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করে নিয়েছে চিপ নির্মাতা

প্রতিষ্ঠান এসকে হাইনিক্স। বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির

অভাবনীয় উত্থানই কোম্পানিটির এই ব্যবসায়িক সাফল্যের মূল কারণ বলে মনে করছেন

বিশ্লেষকরা। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

বর্তমানে এসকে হাইনিক্স এআই সিস্টেমে ব্যবহৃত বিশেষায়িত ‘হাই-ব্যান্ডউইথ মেমোরি’

(এইচবিএম) চিপের প্রধান বৈশ্বিক সরবরাহকারী। এনভিডিয়া ও গুগলের মতো শীর্ষ প্রযুক্তি

প্রতিষ্ঠানগুলো তাদের প্রধান গ্রাহক। গত কয়েকদিনে এসকে হাইনিক্সের শেয়ারদর ৫ দশমিক

৬ শতাংশ বৃদ্ধি পাওয়ায় কোম্পানির মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ১ দশমিক ৩৫ ট্রিলিয়ন

ডলারে। এর মাধ্যমে তারা বিশ্বের সবচেয়ে মূল্যবান মেমোরি চিপ নির্মাতা হিসেবে

আত্মপ্রকাশ করেছে। অন্যদিকে, স্যামসাংয়ের শেয়ারদর সামান্য হ্রাস পাওয়ায় তারা

শীর্ষস্থান হারায়। ২০০০ সালের পর এই প্রথম স্যামসাং ঘরোয়া বাজারে দ্বিতীয় অবস্থানে

নেমে এলো। তবে স্যামসাং দাবি করেছে যে, তাদের অগ্রাধিকারমূলক শেয়ারগুলো হিসেবে আনলে

তারা এখনও এগিয়ে রয়েছে।

বিশ্লেষকদের মতে, এআই প্রযুক্তির বিপ্লব সেমিকন্ডাক্টর শিল্পের সমীকরণ পুরোপুরি

বদলে দিয়েছে। বর্তমানে চ্যাটজিপিটির মতো উন্নত এআই মডেল পরিচালনার জন্য বিশেষায়িত

মেমোরি চিপ অপরিহার্য হয়ে উঠেছে, যার সদ্ব্যবহার করেছে এসকে হাইনিক্স। ২০০২ সালের

দিকে প্রায় দেউলিয়া হতে বসা একটি কোম্পানির জন্য এই অর্জনকে করপোরেট ইতিহাসের

অন্যতম বড় সফলতার গল্প হিসেবে দেখা হচ্ছে। একসময় তীব্র ঋণের দায়ে আমেরিকান কোম্পানি

মাইক্রনের কাছে বিক্রি হতে যাওয়া প্রতিষ্ঠানটি আজ বিশ্ব বাজারে রাজত্ব করছে।

২০২৩ সালেও চিপের বাজারে মন্দার কারণে বড় ধরনের লোকসানের সম্মুখীন হয়েছিল এসকে

হাইনিক্স। তবে ২০২৪ সাল থেকে মাইক্রোসফট, গুগল ও মেটার মতো প্রতিষ্ঠানগুলো এআই

প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ শুরু করায় চিপের চাহিদা আকাশচুম্বী হয়ে ওঠে। ফলে লোকসান

কাটিয়ে কোম্পানিটি বিপুল মুনাফা অর্জন করতে সক্ষম হয়। চলতি বছর এসকে হাইনিক্সের

শেয়ারদর ৩৪০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে, যা তাদের শীর্ষস্থানে আরোহণের পথ প্রশস্ত

করেছে।

পোস্টটি শেয়ার করুন