বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে
‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে পাঁচবারের
বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কার্লো আনচেলত্তির শিষ্যরা এখন রাউন্ড অব ৩২-এর
প্রস্তুতিতে ব্যস্ত।
আগামী ২৯ জুন (সোমবার) বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনে শেষ ৩২-এর ম্যাচ খেলবে
সেলেসাওরা। তবে এখনো নিশ্চিত হয়নি তাদের প্রতিপক্ষ। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায়
ব্রাজিল রাউন্ড অব ৩২-এ মুখোমুখি হবে ‘এফ’ গ্রুপের রানার্সআপ দলের।
বর্তমানে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে রয়েছে নেদারল্যান্ডস, জাপান ও
সুইডেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৫টায় শেষ হওয়া
‘এফ’ গ্রুপের ম্যাচগুলোর পর।
গ্রুপের শেষ রাউন্ডে একই সময়ে মাঠে নামবে নেদারল্যান্ডস ও তিউনিসিয়া, অন্য ম্যাচে
মুখোমুখি হবে জাপান ও সুইডেন।
দুই ম্যাচ শেষে ‘এফ’ গ্রুপের অবস্থান নির্ধারণ হবে। বর্তমানে নেদারল্যান্ডস ও জাপান
সমান ৪ পয়েন্ট নিয়ে শীর্ষ দুই স্থানে রয়েছে। গোল ব্যবধানেও দুই দল সমান (+৪),
তবে বেশি গোল করায় এগিয়ে রয়েছে ডাচরা। অন্যদিকে সুইডেনের সংগ্রহ ৩ পয়েন্ট।
তিউনিসিয়া ইতোমধ্যেই বিদায় নিশ্চিত করেছে।
সুইডেনের সমীকরণ
সুইডেন যদি ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হতে চায়, তাহলে তাদের জাপানকে হারাতে
হবে। একই সঙ্গে নেদারল্যান্ডসকে তিউনিসিয়ার বিপক্ষে জিততে হবে। সেক্ষেত্রে ডাচরা
গ্রুপ চ্যাম্পিয়ন হবে এবং সুইডেন রানার্সআপ হিসেবে ব্রাজিলের মুখোমুখি হবে।
জাপানের সমীকরণ
জাপান যদি সুইডেনকে হারায় এবং নেদারল্যান্ডস ড্র করে বা হেরে যায়, তাহলে জাপান
গ্রুপ চ্যাম্পিয়ন হবে। তখন ব্রাজিলের প্রতিপক্ষ হবে নেদারল্যান্ডস।
নেদারল্যান্ডসের সমীকরণ
নেদারল্যান্ডস জিতলে এবং জাপান ড্র করলে, জাপান রানার্সআপ হয়ে ব্রাজিলের প্রতিপক্ষ
হবে। তবে দুই দলই একই ধরনের ফল করলে পয়েন্ট ও গোল ব্যবধানের হিসাব সামনে আসবে।
নেদারল্যান্ডস ও জাপান প্রথম ম্যাচে ২-২ গোলে ড্র করেছিল। ফলে হেড-টু-হেডে কোনো দলই
এগিয়ে নয়। পয়েন্ট ও গোল ব্যবধান সমান থাকলে মোট গোলসংখ্যা বিবেচনা করা হবে।
বর্তমানে সেই হিসেবে নেদারল্যান্ডস ৭ গোল করে জাপানের ৬ গোলের তুলনায় এগিয়ে
রয়েছে।
সম্ভাব্য সমীকরণ এক নজরে
* নেদারল্যান্ডস জিতলে এবং জাপান জিতলে: প্রতিপক্ষ নেদারল্যান্ডস বা জাপান
(টাইব্রেকারে নির্ধারিত হবে)।
* নেদারল্যান্ডস জিতলে এবং জাপান-সুইডেন ড্র করলে: প্রতিপক্ষ জাপান।
* নেদারল্যান্ডস জিতলে এবং সুইডেন জিতলে: প্রতিপক্ষ সুইডেন।
* নেদারল্যান্ডস ড্র করলে এবং জাপান জিতলে: প্রতিপক্ষ নেদারল্যান্ডস।
* নেদারল্যান্ডস ড্র করলে এবং জাপান-সুইডেন ড্র করলে: প্রতিপক্ষ নেদারল্যান্ডস বা
জাপান (টাইব্রেকারে নির্ধারিত হবে)।
* নেদারল্যান্ডস ড্র করলে এবং সুইডেন জিতলে: প্রতিপক্ষ নেদারল্যান্ডস।
* নেদারল্যান্ডস হারলে এবং জাপান জিতলে: প্রতিপক্ষ নেদারল্যান্ডস।
* নেদারল্যান্ডস হারলে এবং জাপান-সুইডেন ড্র করলে: প্রতিপক্ষ নেদারল্যান্ডস।
* নেদারল্যান্ডস হারলে এবং সুইডেন জিতলে: প্রতিপক্ষ নেদারল্যান্ডস বা জাপান
(টাইব্রেকারে নির্ধারিত হবে)।
এখন দেখার বিষয়, ‘এফ’ গ্রুপের শেষ রাউন্ডের নাটকীয়তা শেষে ব্রাজিলের সামনে
দাঁড়ায় কোন প্রতিপক্ষ।





