, ,

ভেনেজুয়েলায় ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ও সমবেদনা প্রকাশ

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে ব্যাপক

প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী

তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) এক শোকবার্তায় বাংলাদেশের সরকারপ্রধান এই মর্মন্তুদ

ঘটনায় নিজের ব্যথার কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘ভেনেজুয়েলায় আঘাত হানা

ভূমিকম্পে বহু মানুষের মর্মান্তিক প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞে আমরা গভীরভাবে

শোকাহত।’

শোকবার্তায় প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, ‘যেসব পরিবার তাদের প্রিয়জনদের

হারিয়েছেন, তাদের প্রতি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি গভীর সমবেদনা জানাই। আহত

প্রত্যেকের দ্রুত সুস্থতা কামনা এবং এই কঠিন সময়ে ভেনেজুয়েলার জনগণের প্রতি সংহতি

প্রকাশ করছি।’ দুর্যোগের এই ক্রান্তিকালে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের

প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে উল্লেখ করে তিনি ভেনেজুয়েলা সরকারের দ্রুত ঘুরে

দাঁড়ানোর সক্ষমতা ও সাফল্য কামনা করেন।

এদিকে ভেনেজুয়েলায় সংঘটিত এই প্রাকৃতিক বিপর্যয়ে নিহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে।

বুধবার সন্ধ্যায় পর পর দুটি শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে গেছে রাজধানী

কারাকাসসহ পার্শ্ববর্তী এলাকাগুলো। রিখটার স্কেলে কম্পন দুটির মাত্রা ছিল যথাক্রমে

৭ দশমিক ১ এবং সাড়ে ৭। সবশেষ তথ্য অনুযায়ী, এই ঘটনায় এখন পর্যন্ত ২৩৫ জনের

প্রাণহানি নিশ্চিত হওয়া গেছে। ভেনেজুয়েলার স্বাস্থ্যমন্ত্রী কারলোস আলভ্যারাডো

জানিয়েছেন যে, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া অনেক মানুষকে বাঁচানো সম্ভব হয়নি।

রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘দুঃখজনকভাবে অন্তত ২৩৫ জনকে

হাসপাতালে নেওয়া হয়েছে, যারা হয় আগেই মারা গিয়েছিলেন, নয়তো হাসপাতালে আনার পথেই

প্রাণ হারিয়েছেন।’ ভয়াবহ এই দুর্যোগের পর কারাকাসের পরিস্থিতি বর্তমানে অত্যন্ত

সংকটাপন্ন।

পোস্টটি শেয়ার করুন