, ,

অপারেশন সিঁদুর: ১ বছর পর অভিযানে নিহত ভারতীয় সেনাদের নাম প্রকাশ

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পরিচালিত সর্বশেষ সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’

সমাপ্তির এক বছরেরও বেশি সময় পর সেই যুদ্ধে প্রাণ হারানো ভারতীয় সেনাদের তালিকা

প্রকাশ করেছে দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার প্রতিরক্ষা

মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ‘আর্মি ওয়্যার মেমোরিয়াল’-এর আনুষ্ঠানিক ওয়েবসাইটে এই

তথ্য প্রকাশ করা হয়।

ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, অপারেশন সিঁদুর চলাকালীন ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর

মোট ৬ জন সদস্য নিহত হয়েছিলেন। তাঁরা হলেন— সুবেদার মেজর পবন কুমার, রাইফেলম্যান

সুনীল কুমার, ল্যান্স নায়েক দীনেশ কুমার, অগ্নিবীর মুদমুরলি নায়েক, হাবিলদার

সুনীল কুমার সিং এবং ভারতীয় বিমান বাহিনীর সার্জেন্ট সুরেন্দ্র কুমার। এই শহীদ

বীরদের প্রতি সম্মান জানিয়ে তাঁদের নাম এখন আনুষ্ঠানিকভাবে সংরক্ষিত করা হলো।

এই সামরিক অভিযানের প্রেক্ষাপট ছিল অত্যন্ত রক্তক্ষয়ী। গত বছরের ২২ এপ্রিল

জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন হিন্দু

পর্যটককে নির্মমভাবে হত্যা করা হয়। এই নৃশংস ঘটনার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছিল

লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)। এই হামলার

প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিত এবং

পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিলসহ কঠোর কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করে। বিপরীতে

পাকিস্তানও ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে পাল্টা পদক্ষেপ নেয়।

তীব্র উত্তেজনার একপর্যায়ে গত ১০ মে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন জঙ্গি

আস্তানায় ‘অপারেশন সিঁদুর’ নামে সংক্ষিপ্ত ও ঝটিকা অভিযান চালায় ভারত। নয়াদিল্লির

দাবি অনুযায়ী, এই অভিযানে পাকিস্তানের ৭০ জন সন্ত্রাসী নিহত হয়েছে। তবে ইসলামাবাদের

পক্ষ থেকে হতাহতের সংখ্যা ৩১ জন বলে দাবি করা হয় এবং তাঁরা সন্ত্রাসী ছিল না বলেও

প্রচার করা হয়। দীর্ঘ গোপনীয়তা রক্ষার পর অবশেষে এই অভিযানে প্রাণ হারানো নিজস্ব

সেনাদের পরিচয় প্রকাশ করল ভারত সরকার।

পোস্টটি শেয়ার করুন