দীর্ঘ ছয় মাস বিরতির পর গত শুক্রবার (২৬ জুন) থেকে লন্ডন স্টক এক্সচেঞ্জের (এলএসই)
অলটারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটে (এআইএম) পুনরায় লেনদেন শুরু হয়েছে বেক্সিমকো
ফার্মাসিউটিক্যালসের। কোম্পানিটির গ্লোবাল ডিপোজিটরি রিসিপ্টসের (জিডিআর) ওপর
আরোপিত ট্রেডিং স্থগিতাদেশ প্রত্যাহারের পর এই কার্যক্রম শুরু হয়। ডিএসই ব্রোকার্স
অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) মনে করছে, এই সিদ্ধান্তের ফলে দেশের শেয়ারবাজারের
আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়বে এবং বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আস্থা
তৈরি হবে।
শনিবার (২৭ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ডিবিএ এসব তথ্য নিশ্চিত করেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী
এবং পরবর্তী সময়ের আর্থিক প্রতিবেদন যথাসময়ে প্রকাশ না করায় চলতি বছরের ২ জানুয়ারি
থেকে বেক্সিমকো ফার্মার জিডিআর লেনদেন স্থগিত করা হয়েছিল। লন্ডন স্টক এক্সচেঞ্জের
বিধিমালা অনুযায়ী, স্থগিতাদেশের মেয়াদ ছয় মাসের বেশি দীর্ঘায়িত হলে সংশ্লিষ্ট
কোম্পানির তালিকাচ্যুত বা ডি-লিস্টিং হওয়ার আশঙ্কা থাকে। এই সংকটময় পরিস্থিতিতে
বিদেশি প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত বিনিয়োগকারীরা তালিকাচ্যুতি ঠেকাতে ডিবিএ-র
মাধ্যমে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের
কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।
ডিবিএ জানায়, সংগঠনের প্রেসিডেন্ট সাইফুল ইসলামের নেতৃত্বে বিএসইসি ও বেক্সিমকো
ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মধ্যে এ বিষয়ে কার্যকর সমন্বয় করা হয়।
পরবর্তীতে বিএসইসির বিশেষ অনুমতিক্রমে আয়োজিত বোর্ড সভায় কোম্পানিটি ২০২৪-২৫
অর্থবছরের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী এবং ২০২৫-২৬ অর্থবছরের প্রথম, দ্বিতীয় ও
তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করে। আর্থিক প্রতিবেদন দাখিল
সংক্রান্ত জটিলতা নিরসন হওয়ায় লন্ডন স্টক এক্সচেঞ্জ তাদের স্থগিতাদেশ তুলে নেওয়ার
সিদ্ধান্ত গ্রহণ করে।
ডিবিএ মনে করে, এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের পুঁজিবাজারের আন্তর্জাতিক ভাবমূর্তি
ও গ্রহণযোগ্যতা আরও সুসংহত হবে। একইসঙ্গে বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকারের
বিনিয়োগবান্ধব নীতি, সময়োপযোগী সংস্কার এবং বিভিন্ন কার্যকর পদক্ষেপ আন্তর্জাতিক
বাজারে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে। এই প্রক্রিয়ায় বিশেষ সহযোগিতার
জন্য ডিবিএ-র পক্ষ থেকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী,
প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও শেয়ারবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি, বিএসইসির
চেয়ারম্যান মাসুদ খান, সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের
পরিচালনা পর্ষদ এবং গণমাধ্যমের প্রতি গভীর কৃতজ্ঞতা জানানো হয়েছে।





