, ,

২৬ আগস্ট আসছে যশের ‘টক্সিক’

‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজির অভূতপূর্ব সাফল্যের পর কন্নড় সুপারস্টার যশের আগামী

প্রজেক্ট নিয়ে ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার যেন অবসান হচ্ছে না। তবে সেই প্রতীক্ষার

পারদ আরও বাড়িয়ে দিয়ে অবশেষে প্রকাশ্যে এসেছে যশ অভিনীত বহুল আলোচিত ও বিগ বাজেট

প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘টক্সিক: অ্যা ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এর নতুন এক চোখ

ধাঁধানো ঝলক। এই নতুন টিজারে মূলত দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে সিনেমার মূল নারী

চরিত্রগুলোকে, যেখানে ভারতীয় সিনেমার একঝাঁক জনপ্রিয় ও শীর্ষ অভিনেত্রীকে সম্পূর্ণ

ভিন্ন, অ্যাকশন ও গ্ল্যামারাস রূপে দেখা গেছে।

সম্প্রতি মুক্তি পাওয়া ‘লেডিস অ্যান্ড লেডিস’ শিরোনামের এই প্রোমো ভিডিওটি শুরুতেই

একটি সংবিধিবদ্ধ সতর্কবার্তা দিয়ে শুরু হয়, যেখানে কড়া ভাষায় শিশুদের এই ভিডিওটি না

দেখার পরামর্শ দেওয়া হয়েছে। এরপর একটি গম্ভীর ভয়েসওভারে শোনা যায়, ‘ভালোবাসা

নারীদের দানবীতে পরিণত করে। এর ছলনার গভীরতা উপলব্ধি করতে পারলে এটি একটি সুন্দর

বিভ্রম।’ এই রহস্যময় সংলাপের রেশ ধরেই পর্দায় একে একে হাজির হন ছবির পাঁচ

প্রভাবশালী অভিনেত্রী।

প্রকাশিত ভিডিওতে দক্ষিনী লেডি সুপারস্টার নয়নতারাকে একটি দুর্দান্ত সুপারবাইক

চালাতে এবং এক রোমাঞ্চকর অ্যাকশন দৃশ্যে অংশ নিতে দেখা যায়। অন্যদিকে বলিউড তারকা

কিয়ারা আদভানি, তারা সুতারিয়া ও হুমা কুরেশি নিজেদের চিরাচরিত গ্ল্যামারাস ও

বোল্ড উপস্থিতিতে নেটিজেনদের নজর কাড়েন। তবে কন্নড় অভিনেত্রী রুক্মিণী বসন্তকে বেশ

রহস্যময় ও ডার্ক শেডে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে, যেখানে এক দৃশ্যে তাকে কারো

দিকে সরাসরি বন্দুক তাক করে থাকতে দেখা যায়। ঝলকের একেবারে শেষ প্রান্তে এসে হাজির

হন স্বয়ং ‘রকিং স্টার’ যশ, যেখানে এক স্টাইলিশ ও হাই-অক্টেন অ্যাকশন সিকোয়েন্সে

একদল নারী যোদ্ধার সঙ্গে তাঁকে লড়তে দেখা যায়। নতুন এই প্রমোটি আবারও ইঙ্গিত দিল

যে, সিনেমাটি একটি আন্তর্জাতিক মানের স্টাইলাইজড পিরিয়ড অ্যাকশন ড্রামা হতে

যাচ্ছে।

জাতীয় পুরস্কারজয়ী নামী পরিচালক গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’ সিনেমাটি মূলত

কন্নড় ও ইংরেজি ভাষায় ব্যাক-টু-ব্যাক শুটিং করা হলেও এটি প্যান-ইন্ডিয়ান সিনেমা

হিসেবে হিন্দি, তামিল, তেলুগু ও মালায়লামসহ একাধিক ভাষায় বিশ্বব্যাপী মুক্তি

পাবে। ছবিতে যশের পাশাপাশি কাস্টিংয়ে রয়েছেন রুক্মিণী বসন্ত, নয়নতারা, কিয়ারা

আদভানি, হুমা কুরেশি ও তারা সুতারিয়া।

সিনেমাটি আন্তর্জাতিক বাজারে মুক্তির জন্য প্রথমে ২০২৬ সালের ১৯ মার্চ বিশ্বব্যাপী

রিলিজের পরিকল্পনা করা হয়েছিল। তবে আন্তর্জাতিক পরিবেশনা-সংক্রান্ত কিছু জটিলতা এবং

বর্তমান পশ্চিম এশিয়ার (মধ্যপ্রাচ্য) চলমান ভূরাজনৈতিক উত্তেজনার কারণে প্রথম দফার

মুক্তির তারিখ পরিবর্তন করা হয়। এরপর পরবর্তী টার্গেট ৪ জুন করা হলেও তা আবার

পিছিয়ে যায়। সবশেষে সমস্ত জটিলতা কাটিয়ে নির্মাতারা আগামী ২৬ আগস্ট ২০২৬ ছবিটি

বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তির চূড়ান্ত ঘোষণা দিয়েছেন।

কেবল গল্প বা কাস্টিং নয়, কারিগরি ও প্রযুক্তিগত দিক থেকেও ‘টক্সিক’কে ভারতীয়

সিনেমার অন্যতম বড় ক্যানভাসের চলচ্চিত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে। জাতীয়

পুরস্কারজয়ী প্রখ্যাত চিত্রগ্রাহক রাজীব রবি সামলেছেন সিনেমাটির সিনেমাটোগ্রাফি,

ব্যাকগ্রাউন্ড স্কোর ও সংগীত পরিচালনায় রয়েছেন কেজিএফ খ্যাত রবি বসরুর, সম্পাদনার

দায়িত্বে উজ্জ্বল কুলকার্নি এবং প্রোডাকশন ডিজাইনার হিসেবে কাজ করেছেন টিপি আবিদ।

সবচেয়ে বড় চমক রয়েছে এর অ্যাকশন বিভাগে; হলিউডের কালজয়ী ‘জন উইক’ অ্যাকশন

ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয় অ্যাকশন পরিচালক জেজে পেরি এই সিনেমার সাথে যুক্ত হয়েছেন।

তিনি ভারতের জাতীয় পুরস্কারজয়ী বিখ্যাত অ্যাকশন কোরিওগ্রাফার জুটি আনবারিভ এবং

থাইল্যান্ডের কেচা খামফাকদির সঙ্গে মিলে যৌথভাবে সিনেমাটির স্টান্ট ও অ্যাকশন

দৃশ্যগুলো ডিজাইন করেছেন, যা অ্যাকশনপ্রেমী দর্শকদের মাঝে সিনেমাটি নিয়ে উন্মাদনা

কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

পোস্টটি শেয়ার করুন