, ,

লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের রাজধানী লাহোরে একটি কোচিং সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪

জন শিক্ষার্থীর প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার লাহোরের খানা এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনাটি

ঘটে। পাঞ্জাব সরকারের স্বাস্থ্যমন্ত্রী খাজা ইমরান নাজির পাকিস্তানি সংবাদমাধ্যম

জিও নিউজকে জানিয়েছেন, দুর্ঘটনার সময় কেন্দ্রটিতে ৩০ জনেরও বেশি শিক্ষার্থী উপস্থিত

ছিল। ধ্বংসস্তূপের নিচ থেকে আহত অবস্থায় ২০ জন শিশুকে উদ্ধার করে খানা তহসিল

হেডকোয়ার্টার (টিএইচকিউ) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ১৪ জনকে মৃত ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, পুরাতন একতলা ভবনটির ওপর দোতলা নির্মাণের কাজ

চলছিল। ক্লাস চলাকালীন হঠাৎ ছাদটি ধসে পড়লে এই প্রাণহানির ঘটনা ঘটে। ঘটনার পরপরই

ভবনটির মালিকসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাসপাতালে চিকিৎসাধীন থাকা বাকি ৬ জন

শিক্ষার্থীর মধ্যে ৪ জনের অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং দুজনকে প্রাথমিক

চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ

শরিফ এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নেওয়াজ। তাঁরা শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি

সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

পাকিস্তানে নিম্নমানের নির্মাণ সামগ্রী ও ত্রুটিপূর্ণ প্রকৌশল পরিকল্পনার কারণে ভবন

ধসের ঘটনা প্রায়ই ঘটে থাকে। গত বছরও করাচিতে একটি ৫ তলা ভবন ধসে ২৭ জনের মৃত্যু

হয়েছিল। লাহোরের এই সাম্প্রতিক ঘটনাটি আবারও দেশটির আবাসন ও নির্মাণ শিল্পের

নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন তুলেছে।

পোস্টটি শেয়ার করুন