দীর্ঘ ৪০ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে ঐতিহাসিক জয়ের আনন্দ মুহূর্তেই বিষাদে
পরিণত হয়েছে মেক্সিকোতে। ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো
মেক্সিকোর নকআউট ম্যাচ জয়ের এই অর্জন উদযাপন করতে রাজধানী মেক্সিকো সিটির রাস্তায়
নেমে এসেছিল লাখো মানুষের ঢল। তবে অতিরিক্ত ভিড়ের চাপে দম আটকে এক তরুণীসহ তিনজনের
মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিশ্চিত করেছে।
মেক্সিকো সিটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নিহতদের মধ্যে ১৯ বছর বয়সী এক তরুণী এবং
৪৪ ও ৪৮ বছর বয়সী দুজন ব্যক্তি রয়েছেন। রাজধানীর প্রধান কেন্দ্র ‘অ্যাঞ্জেল অফ
ইন্ডিপেন্ডেন্স’ স্মৃতিস্তম্ভের চারপাশে প্রায় ১০ লক্ষাধিক মানুষের বিশাল সমাগম
ঘটেছিল। উদযাপনের একপর্যায়ে ভিড়ের চাপে শ্বাসকষ্ট শুরু হলে স্বাস্থ্যকর্মীরা তাদের
উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা ও সিপিআর প্রদান করেন। পরবর্তীতে দ্রুত হাসপাতালে
নেওয়া হলেও চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
বিজয় মিছিলে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে মেক্সিকো সিটির সরকারপ্রধান ক্লারা ব্রুগাডা
মলিনা গভীর শোক প্রকাশ করেছেন। তিনি ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে
তাদের পাশে থাকার এবং সব ধরণের রাষ্ট্রীয় সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন।
ফুটবলের এই মহাউৎসবের মধ্যে এমন করুণ মৃত্যু মেক্সিকো জুড়ে শোকের ছায়া নামিয়ে
এনেছে। ভিড় নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা থাকলেও বিশাল
জনস্রোতের চাপে এই দুর্ঘটনাটি ঘটে।





