মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে ওয়াশিংটনের প্রতি আস্থায় চিড় ধরছে।
তাই ইরানের সঙ্গে ভিন্ন পথে সমঝোতায় আসার চেষ্টা করছে উপসাগরীয় দেশগুলো।
যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা করছে উপসাগরীয়
দেশগুলো। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তি স্বাক্ষরের জন্য
আগস্টের ডেডলাইনকে সামনে রেখে যে আলোচনা চলছে, তার সমান্তরালেই—তবে সম্পূর্ণ
আলাদাভাবে—চলছে এই আঞ্চলিক তৎপরতা।
প্রথম আলোচনা হয়েছিল ইরান ও ওমানের মধ্যে। তারপর ওমান আর কাতার। এরপর ইরান ও সৌদি
আরব, এবং সবশেষে কাতার ও সৌদি আরব। সবগুলো আলোচনার উদ্দেশ্য—যুদ্ধ বন্ধ হওয়ার পর
আঞ্চলিক সহাবস্থানের চেহারা কেমন হবে, তা চূড়ান্ত করা।
কূটনীতির এমন মাথা ঘুরিয়ে দেওয়া তৎপরতা তো কেবল শুরু। উপসাগরীয় দেশগুলো ইরানের সাথে
এক ‘নতুন স্বাভাবিকতার সমীকরণ মেলাতে ব্যস্ত থাকায় সামনে এমন আরও বৈঠক ঘটতে যাচ্ছে।
হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ছাড়ের বিনিময়ে উপসাগরীয়
দেশগুলো ইরানকে কী ধরনের আর্থিক প্রণোদনা দিতে পারে, এসব বিষয় গুরুত্ব পাচ্ছে
আলোচনায়।
মিডল ইস্ট ইনস্টিটিউটের সিনিয়র ফেলো গোনুল তোল বলেন, ‘যুক্তরাষ্ট্রের
বিশ্বাসযোগ্যতা অনেকটাই কমে গেছে। ব্যাপারটা বেশ কয়েক বছর ধরেই ঘটছে।’ এখনকার মূল
ভাবনা হলো, ‘ইরানের সঙ্গে আমাদের নিজস্ব বোঝাপড়াতেই আসতে হবে—উপসাগরীয় দেশগুলো যদি
শেষপর্যন্ত নিজেরাই চুক্তি করে বসে, অবাক হওয়ার কিছু থাকবে না।’
আপাতত প্রকাশ্য বার্তাগুলো যুক্তরাষ্ট্রের সুরের সঙ্গে মিলছে। মার্কিন
পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উপস্থিতিতে সম্প্রতি অনুষ্ঠিত এক আঞ্চলিক জোটের
মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে দেওয়া যৌথ বিবৃতিতে ‘মুক্ত, নিঃশর্ত ও অবাধ নৌযান
চলাচল’-এর ওপর জোর দেওয়া হয়েছে। সেইসঙ্গে হরমুজ প্রণালির ওপর ‘যেকোনো ধরনের টোল, ফি
বা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা’কে প্রত্যাখ্যান করা হয়েছে।
থিঙ্কট্যাঙ্ক চ্যাটাম হাউসের আনিসেহ বাসিরি তাবরিজি বলেন, ‘তাদের দৃষ্টিকোণ থেকে
এটা একটা রেড লাইন হতে যাচ্ছে।’ তবে উপসাগরীয় কূটনীতিক ও বিশেষজ্ঞরা এ-ও বলছেন যে,
ইরান তার সবচেয়ে বড় ট্রাম্প কার্ড এমনি এমনি হাতছাড়া করবে না। তাই সম্ভাব্য ফলাফল
নিয়ে দেশগুলোর বাস্তববাদী হওয়া দরকার।
দ্য টেলিগ্রাফ জানতে পেরেছে, ‘সার্ভিস ফি’ আদায়ের জন্য একটি সম্ভাব্য স্কিম নিয়ে
আলোচনা চলছে। প্রকাশ্যে বলা হবে, এই অর্থ হরমুজ থেকে মাইন সরানো, পরিবেশগত ক্ষতি
হ্রাস, বন্দর চার্জ কিংবা বিমাসংক্রান্ত কাজে ব্যবহার করা হবে। তবে কোন সংস্থার এই
প্রক্রিয়া পরিচালনা করবে, কীভাবে তহবিল সংগ্রহ করা হবে এবং শেষ পর্যন্ত কার হাতে
এই অর্থ পৌঁছাবে, তা এখনও অস্পষ্ট।
ইরান ইতোমধ্যেই এই অভিমুখে কাজ শুরু করেছে। তাদের নবগঠিত গালফ স্ট্রেইট অথরিটি
নির্দেশনা জারি করেছে—এখন থেকে হরমুজ পাড়ি দেওয়া সব জাহাজের ইরানি বিমা থাকা
বাধ্যতামূলক। তেহরান ও ওয়াশিংটন দীর্ঘমেয়াদি চুক্তিতে পৌঁছানোর জন্য যে ৬০ দিনের
সময়সীমা ঠিক করেছে, তা শেষ হওয়ার পর থেকেই এই নিয়ম কার্যকর হওয়ার কথা।
গোনুল তোল বলেন, ‘ইরান এখন বুঝতে পেরেছে, পারমাণবিক অস্ত্রের চেয়েও শক্তিশালী এক
হাতিয়ার তাদের হাতে আছে—হরমুজ। এ অস্ত্র তারা যখন খুশি ব্যবহার করতে পারে। তাই এমন
একটা ব্যবস্থা তৈরি হতে যাচ্ছে যেখানে ইরানই শেষ কথা বলবে। নিজেদের এই কর্তৃত্ব ধরে
রাখতে তারা সবকিছুই করবে।’
ফি-কে যতই রংচং মাখিয়ে উপস্থাপন করা হোক না কেন, তাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড
ট্রাম্পকে শান্ত করা যাবে না। তিনি বারবার বলেছেন, কোনো ধরনের চার্জ আদায় করতে
নেওয়া হবে না। বিশেষজ্ঞদেরও আশঙ্কা, এর ফলে একটি বিপজ্জনক নজির তৈরি হতে পারে। যদিও
ট্রানজিট ফি নিষিদ্ধ করে, এমন একটি আন্তর্জাতিক সামুদ্রিক চুক্তিতে বলা আছে,
‘জাহাজকে নির্দিষ্ট সেবা প্রদানের’ জন্য ফি ধার্য করার সুযোগ রয়েছে।
কিন্তু উপসাগরীয় দেশগুলোর হাতে সম্ভবত বিকল্প খুব সামান্যই। গত সপ্তাহে জাতিসংঘ,
ইরান ও ওমান আটকে পড়া জাহাজগুলো সরিয়ে নেওয়ার জন্য দুটি রুটের বিষয়ে সম্মত হওয়ার
পরই হরমুজে অবস্থানরত জাহাজগুলোকে হুমকি দেয় ইরানের রেভল্যুশনারি গার্ডস কোর
(আইআরজিসি)। নির্ধারিত এই রুটগুলোর নিজেদের একচ্ছত্র কর্তৃত্ব দাবি করে ইরান
হুঁশিয়ারি দিয়েছে, ‘এসব রুটের বাইরে জাহাজ চলাচল নিষিদ্ধ এবং অত্যন্ত বিপজ্জনক।’
এর পরদিনই এক তাইওয়ানিজ শিপিং অপারেটর জানায়, প্রণালীতে তাদের একটি জাহাজে হামলা
চালানো হয়েছে। মার্কিন কর্মকর্তারা বলেন, জাহাজটিতে ইরান ড্রোন হামলা করেছিল। এরপরই
ওয়াশিংটন ও তেহরান পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়ে, যার আঁচ গিয়ে লাগে উপসাগরীয়
দেশগুলোতেও। তবে উভয় পক্ষই আপাতত নতুন করে হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক গবেষণা সংস্থা সুফান সেন্টারের এক প্রতিবেদন অনুযায়ী,
ইরানের এই হুমকি ও হামলাগুলো ‘সম্ভবত উপসাগরীয় দেশগুলোর—বিশেষ করে ওমানের—জন্য
প্রচ্ছন্ন হুঁশিয়ারি…ইরানকে সহযোগিতা না করলে আন্তর্জাতিক নৌপথে তারা হামলা
চালিয়েই যাবে।’
অলাভজনক থিঙ্কট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপে আরব উপসাগরীয় দেশগুলো নিয়ে
গবেষণায় নেতৃত্ব দেওয়া ইয়াসমিন ফারুক বলেন, এসব হামলা না হলেও ‘উপসাগরীয় দেশগুলো
আগে থেকেই এমন পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছিল, যেখানে আগের স্বাভাবিক অবস্থা
হয়তো আর ফিরবে না। আঞ্চলিক আলোচনার টেবিলে তারা এখন নিজেদের ভাগ্য নিজেদের হাতেই
তুলে নিতে যাচ্ছে।’
আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বৃহত্তর আলোচনায় সৌদি আরব নেতৃত্ব দেবে বলে আশা করা হচ্ছে।
পাশাপাশি হরমুজের ব্যবস্থাপনা নিয়ে দেশগুলো ইরানের সঙ্গে সরাসরি ও এককভাবে বৈঠকে
বসতে যাচ্ছে। এর বাইরে ইরাককে নিয়ে আরেকটি জোট তৈরি হতে পারে, যাদের অর্থনীতি
অনেকটাই এই প্রণালী দিয়ে তেল রপ্তানির ওপর নির্ভরশীল।





