দীর্ঘ প্রতীক্ষা আর আইনি জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে আসতে যাচ্ছে
দক্ষিণি সুপারস্টার এবং বর্তমান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়ের (থালাপতি
বিজয়) ক্যারিয়ারের শেষ সিনেমা ‘জন নায়াগান’। সেন্সর বোর্ড থেকে শিগগিরই সবুজ সংকেত
পেতে যাওয়ার খবরের পাশাপাশি ভক্তদের জন্য আরও বড় সুখবর হলো, চলতি মাসেই বড় পর্দায়
সিনেমাটি মুক্তি পেতে পারে। বলিউড লাইফের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিজয়ের শেষ
এই কাজ নিয়ে বিনোদন দুনিয়ায় এখন প্রবল উত্তেজনা বিরাজ করছে।
রাজনীতিতে পূর্ণকালীন যোগ দেওয়ার আগে বিজয় ঘোষণা করেছিলেন যে ‘জন নায়াগান’ই হবে
তাঁর অভিনীত শেষ চলচ্চিত্র। গত জানুয়ারিতে এটি মুক্তির কথা থাকলেও সেন্সর
সার্টিফিকেশন ও সিবিএফসি-র সঙ্গে বিরোধের কারণে তা স্থগিত হয়ে যায়। সে সময় মুক্তির
আগেই প্রায় ১ কোটি রুপির অগ্রিম টিকিট বুকিং হয়ে গিয়েছিল, যা বিজয়ের আকাশচুম্বী
জনপ্রিয়তারই প্রমাণ। তবে মাঝপথে গত ৯ এপ্রিল নির্বাচনের ঠিক আগে সিনেমাটির একটি
এইচডি প্রিন্ট অনলাইনে ফাঁস হয়ে যাওয়ায় নির্মাতারা বড় ধরনের ধাক্কা খেয়েছিলেন।
পুলিশ জড়িতদের গ্রেপ্তার করলেও মুক্তি নিয়ে অনিশ্চয়তা কাটছিল না।
প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে, সিনেমাটি মুক্তির জন্য ১৬, ২৩ অথবা ৩১ জুলাই—এই
তিনটি সম্ভাব্য তারিখ নিয়ে চিন্তা-ভাবনা চলছে। তবে ৩১ জুলাই মুক্তির সম্ভাবনা কম,
কারণ ওই দিন বিজয়ের ছেলে জেসন সঞ্জয়ের পরিচালিত প্রথম সিনেমা ‘সিগমা’ মুক্তি পাওয়ার
কথা রয়েছে। ফলে জুলাইয়ের মাঝামাঝি বা তৃতীয় সপ্তাহে সিনেমাটি মুক্তি পাওয়ার জোরালো
সম্ভাবনা রয়েছে। আর যদি কোনো কারণে জুলাইয়ে সম্ভব না হয়, তবে আগামী ৭ আগস্ট এটি
প্রেক্ষাগৃহে আসতে পারে।
প্যান-ইন্ডিয়ান এই সিনেমাটিতে থালাপতি বিজয়ের সঙ্গে আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে,
মামিতা বাইজু এবং বলিউড তারকা ববি দেওল। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বিজয়ের
অভাবনীয় বিজয়ের পর তাঁর এই ‘বিদায়ী’ সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন
কোটি ভক্ত। থালাপতি বিজয়ের দুর্দান্ত রাজনৈতিক ক্যারিয়ারের সূচনালগ্নে তাঁর শেষ
সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলবে বলে চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন।





