প্রখ্যাত নির্মাতা মেল গিবসনের কালজয়ী চলচ্চিত্র ‘দ্য প্যাশন অব দ্য ক্রাইস্ট’
আধুনিক প্রযুক্তিতে সজ্জিত হয়ে পুনরায় বড় পর্দায় প্রদর্শিত হতে যাচ্ছে। আগামী ১০
থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সিনেমাটি ফোর-কে রিস্টোরেশন ও ডলবি অ্যাটমস সাউন্ড
প্রযুক্তিতে দেখার সুযোগ পাবেন দর্শকরা।
লায়ন্সগেট ও ফ্যাথম এন্টারটেইনমেন্টের যৌথ উদ্যোগে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা
হয়েছে। সিনেমাটির এই পুনর্মুক্তির পাশাপাশি দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে
থাকবে এর আসন্ন সিক্যুয়েল ‘দ্য রেজারেকশন অব দ্য ক্রাইস্ট : পার্ট ওয়ান’-এর বিশেষ
কিছু দৃশ্য। সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন এই সিক্যুয়েলটির প্রথম খণ্ড ২০২৭ সালের ৬
মে এবং দ্বিতীয় খণ্ড ২০২৮ সালের ২৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। উল্লেখ্য, ২০০৪
সালে প্রথমবার মুক্তির পর বিশ্বজুড়ে ৬১ কোটি ডলারের বেশি আয় করে ব্যাপক আলোড়ন
সৃষ্টি করেছিল মূল চলচ্চিত্রটি।





