টানা কয়েকদিনের বর্ষণে কাপ্তাই লেকে পানির বৃদ্ধির ফলে রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত
কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিকে)-এর ৫টি ইউনিট মঙ্গলবার (৭ জুলাই)
সন্ধ্যা ৬টা হতে একযোগে চালু করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কপাবিকে এর ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, টানা
বৃষ্টিতে উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই লেকে পানির লেভেল গত কয়েকদিন ধরে
বাড়ছে, ফলে পানির উপর নির্ভরশীল এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫টি ইউনিট মঙ্গলবার (৭
জুলাই) সন্ধ্যা ৬টা হতে একসাথে চালু করা হয়েছে। এই ৫টি ইউনিট হতে ১ শত ৪৪ মেগাওয়াট
বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তার মধ্যে ১ নং ও ২ নং ইউনিট হতে প্রতিটিতে ৩২ মেগাওয়াট করে
৬৪ মেগাওয়াট, ৩ নং ইউনিট এ ৩০ মেগাওয়াট এবং ৪ ও ৫ নং ইউনিট হতে প্রতিটিতে ২৫
মেগাওয়াট করে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ৫টি ইউনিট এর বিদ্যুৎ উৎপাদন
সক্ষমতা ২শত ৪০ মেগাওয়াট।
এদিকে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমের দায়িত্বরত প্রকৌশলীদের
সাথে যোগাযোগ করা হলে তারা জানান, মঙ্গলবার (৭ জুলাই) রাত ৮টা পর্যন্ত কাপ্তাই লেকে
পানির লেভেল ছিল ৭৯.৮৬ ফুট মিন সি লেভেল। রুলকার্ভ অনুযায়ী এসময় পানি থাকার কথা
৮৪.৯৬ ফুট মিন সি লেভেল।
দায়িত্বরত প্রকৌশলীরা আরোও জানান, লেকে পানির স্বলতায় বিগত কয়েক মাস ধরে কখনো ১টি
বা ২টি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হলেও গত সোমবার ৩টা ইউনিট এবং মঙ্গলবার
(৭ জুলাই) সকালে ৪টা ইউনিট এবং সন্ধ্যায় ৬টা হতে ৫টি ইউনিট চালু করে বিদ্যুৎ উৎপাদন
করা হচ্ছে।
প্রসঙ্গত, কাপ্তাই লেকে পানির ধারণ ক্ষমতা ১০৮ ফুট মিন সি লেভেল।





