, ,

বড়পর্দায় সৃজিতের নতুন গোয়েন্দা ‘কানাইচরণ’

ফেলুদা, ব্যোমকেশ ও কাকাবাবুর পর বাংলা চলচ্চিত্রের দর্শকরা এবার বড়পর্দায় পেতে

যাচ্ছেন সম্পূর্ণ নতুন এক গোয়েন্দাকে। কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত

মুখার্জি কথাসাহিত্যিক রাজর্ষি দাস ভৌমিকের সৃষ্ট কাল্পনিক গোয়েন্দা চরিত্র

‘কানাইচরণ’ নিয়ে নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। এই সিনেমায় প্রধান গোয়েন্দা

চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত। ভারতীয় গণমাধ্যমের প্রকাশিত

তথ্য অনুযায়ী, আগামী আগস্ট মাস থেকেই নতুন এই সিনেমার দৃশ্যধারণের কাজ শুরু হওয়ার

কথা রয়েছে।

গোয়েন্দা গল্পের ওপর কাজ করা পরিচালক সৃজিতের জন্য এবারই প্রথম নয়। এর আগে তিনি

ফেলুদা, ব্যোমকেশ বক্সী, কাকাবাবু এবং শার্লক হোমসের মতো বিখ্যাত ও জনপ্রিয়

গোয়েন্দা চরিত্রগুলোকে সফলভাবে পর্দায় তুলে এনেছেন। নতুন এই চলচ্চিত্রটি নির্মাণের

বিষয়ে সৃজিত জানান, কানাইচরণ চরিত্রের বিশেষত্ব, কলকাতার সঙ্গে তার নিবিড় সংযোগ এবং

তার অনন্য মেজাজ তাকে ভীষণভাবে আকর্ষণ করেছে। লেখকের গল্পগুলো পড়ার পর তিনি নিজেই

রাজর্ষি দাস ভৌমিকের সঙ্গে যোগাযোগ করেন এবং চরিত্রটিকে বড়পর্দায় আনার সিদ্ধান্ত

নেন। মূলত লেখকের ‘কালাপানির দিশা’ গল্প অবলম্বনেই সিনেমাটির মূল কাহিনি সাজানো

হয়েছে।

নতুন এই চলচ্চিত্রের মূল চরিত্রে অভিনয় করতে যাওয়া যীশু সেনগুপ্তের জন্য গোয়েন্দা

চরিত্রে অভিনয় নতুন কোনো অভিজ্ঞতা নয়। এর আগেও তিনি পর্দায় অত্যন্ত সফলতার সঙ্গে

গোয়েন্দা চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। প্রখ্যাত পরিচালক অঞ্জন

দত্তের নির্দেশনায় ‘ব্যোমকেশ বক্সী’, ‘ব্যোমকেশ ও চিড়িয়াখানা’ এবং ‘ব্যোমকেশ ও

অগ্নিবাণ’ চলচ্চিত্রে প্রধান চরিত্রে তার অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। এবার

নতুন গোয়েন্দা কানাইচরণের রূপে তাকে দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

ক্যামেলিয়া প্রোডাকশনের প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত নতুন এই

গোয়েন্দা সিনেমাটি। এতে যীশু সেনগুপ্ত ছাড়াও অভিনয় করবেন টোটা রায়চৌধুরী, অনুজয়

চ্যাটার্জি, ইধিকা পাল, সুজয়প্রসাদ চ্যাটার্জী ও সুমন্ত মুখার্জিসহ আরও বেশ কয়েকজন

পরিচিত মুখ। তবে সিনেমায় প্রধান চরিত্রটি ছাড়া অন্যান্য শিল্পীরা কে কোন ভূমিকায়

অবতীর্ণ হবেন, সে সম্পর্কে নির্মাতার পক্ষ থেকে এখনই বিস্তারিত কোনো তথ্য প্রকাশ

করা হয়নি।

পোস্টটি শেয়ার করুন