, ,

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ১১৩ জন

মালয়েশিয়ার পাহাং রাজ্যে পরিচালিত এক বিশেষ চিরুনি অভিযানে ৮১ জন বাংলাদেশিসহ মোট

১১৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। বৃহস্পতিবার (১৬

জুলাই) দুপুরে হাবু এলাকার একটি নির্মাণাধীন বহুতল ভবন প্রকল্পে এই যৌথ অভিযান

চালানো হয়। অভিযানে সংশ্লিষ্ট এলাকার ১৪৫ জন বিদেশি কর্মীর কাগজপত্র যাচাই-বাছাই

করা হয়, যার মধ্যে অভিবাসন আইন লঙ্ঘনের সুনির্দিষ্ট অভিযোগে এই বড় সংখ্যক অভিবাসীকে

গ্রেফতার করা হয়েছে।

আটককৃতদের মধ্যে ৮১ জন বাংলাদেশি পুরুষ ছাড়াও ২৯ জন ইন্দোনেশীয়, ২ জন নেপালি এবং ১

জন মিয়ানমারের নাগরিক রয়েছেন। অভিবাসন বিভাগ জানিয়েছে, গ্রেফতারকৃত ১১৩ জনের মধ্যে

১০৭ জন পুরুষ এবং ৬ জন নারী। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।

এর মধ্যে ৬১ জনের বিরুদ্ধে বৈধ ভ্রমণ নথি ব্যতীত মালয়েশিয়ায় অবস্থানের অভিযোগ আনা

হয়েছে। এছাড়া ২৬ জনের বিরুদ্ধে নির্ধারিত সময়ের চেয়ে বেশি অবস্থান (ওভারস্টে) এবং

আরও ২৭ জনের বিরুদ্ধে অভিবাসন বিধিমালা ভঙ্গের দায়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পাহাং অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, আটক হওয়া সকলকেই বর্তমানে পরবর্তী তদন্ত ও

প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে এনফোর্সমেন্ট কার্যালয়ে রাখা হয়েছে। এই

ব্যাপক অভিযানে পাহাং স্টেট এনফোর্সমেন্ট ইউনিট এবং জেনারেল অপারেশনস ফোর্সের

(পিজিএ) প্রায় ৭০ জন সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের

বিরুদ্ধে চলমান এই কঠোর অভিযানের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন