, ,

বিএসইসি’র মার্জিন বিধিমালা সংস্কারের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ

পুঁজিবাজারের শৃঙ্খলা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড

এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক মার্জিন বিধিমালা, ২০২৫ সংশোধনের পদক্ষেপকে

সাধুবাদ জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। শনিবার (১৮

জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানের নেতৃত্বাধীন এই

সময়োপযোগী ও বাজারবান্ধব উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংগঠনটি।

ডিবিএ জানায়, গত ১৩ জুলাই বিএসইসি কার্যালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় ডিবিএ এবং

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)-এর প্রতিনিধিরা মার্জিন

বিধিমালার প্রস্তাবিত সংশোধনীর ওপর তাঁদের মতামত ও উদ্বেগ তুলে ধরেন। বিএসইসি

কর্তৃপক্ষ অত্যন্ত মনোযোগের সাথে সেসব পর্যবেক্ষণ শুনে তা সংস্কার প্রক্রিয়ায়

অন্তর্ভুক্ত করার যে আশ্বাস দিয়েছেন, তাকে পুঁজি বাজারের জন্য এক বড় ইতিবাচক ইঙ্গিত

হিসেবে দেখছে ডিবিএ। সংগঠনটি মনে করে, এই সংস্কার দেশের পুঁজিবাজারকে আরও আধুনিক,

স্বচ্ছ এবং বিশ্বমানের নিয়ন্ত্রক কাঠামোর আওতায় নিয়ে আসবে।

ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম এই প্রসঙ্গে বলেন, “বাংলাদেশের পুঁজিবাজারকে আরও

শক্তিশালী, আধুনিক ও বিনিয়োগবান্ধব করতে বিএসইসি যে সংস্কার কার্যক্রম হাতে

নিয়েছে, ডিবিএ সেই উদ্যোগকে সর্বাত্মকভাবে সমর্থন করে।” তিনি আরও জানান যে,

বাজারের স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধি অর্জনে বিএসইসি-র যে কোনো ইতিবাচক পদক্ষেপে

ডিবিএ সব সময় পাশে থাকবে।

সংশোধিত মার্জিন বিধিমালার খসড়াটি অচিরেই জনমত যাচাইয়ের জন্য উন্মুক্ত করা হবে বলে

ডিবিএ আশা প্রকাশ করেছে। খসড়াটি প্রকাশিত হলে তা গভীরভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয়

সুপারিশ ও সুনির্দিষ্ট মতামত পুনরায় কমিশনের নিকট পেশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে

উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগের ফলে বিনিয়োগকারীদের আস্থাশীলতা

বৃদ্ধি পাবে এবং বাজারের দীর্ঘমেয়াদী উন্নতি ত্বরান্বিত হবে।

পোস্টটি শেয়ার করুন