বৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬, ২০শে ফাল্গুন, ১৪৩২

বিএসটিআইয়ের সকল সেবা এখন অনলাইনে পাবেন

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) চালু করেছে নতুন একটি ই-সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম, যার মাধ্যমে সকল সার্ভিস এখন অনলাইনে সহজে ও দ্রুত পেতে পারবেন গ্রাহকেরা। এই উদ্যোগের লক্ষ্য হলো সেবার গুণগত মান বৃদ্ধি এবং পরিষেবা প্রদানে আরও স্বচ্ছতা ও সুবিধা নিশ্চিত করা।

বুধবার রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআই কার্যালয়ে এই সফটওয়্যার উদ্বোধন করা হয়, যেখানে শিল্প মন্ত্রণালয়ের সচিব (অ. দা.) নুরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিএসটিআইয়ের মহাপরিচালক ফেরদৌস আলম। এতে বিটিএফ প্রকল্পের ডেপুটি চিফ ফুয়াদ এম খালিদ হোসেন, অরেঞ্জ বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল কবিরসহ আরও বিশিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ ই-সার্ভিস প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন (বিটিএফ) প্রকল্পের অর্থায়নে এবং অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেডের কারিগরি সহায়তায়।

নতুন এই ই-সার্ভিস সিস্টেমের মাধ্যমে এখন সেবাগ্রহণকারীরা অনলাইনে পণ্যের মানসনদ (সিএম লাইসেন্স), ছাড়পত্র, হালাল সার্টিফিকেট, ম্যানেজমেন্ট সিস্টেমস সার্টিফিকেট, মেট্রোলজি লাইসেন্স, পণ্য মোড়কজাত সনদ, পরীক্ষণ প্রতিবেদন এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র পেতে পারবেন।

এই প্ল্যাটফর্ম ব্যবহারে গ্রাহকরা সহজেই অনলাইনে ফি জমা, আবেদন দাখিল, পরিদর্শন নোটিশ পাওয়া, টেস্ট ফি প্রদান, এবং আবেদন ট্র্যাক করতে পারবেন। এছাড়াও বিএসটিআই এর কর্তৃপক্ষ আবেদন যাচাই, পরিদর্শন, নমুনা সংগ্রহ, প্রতিবেদন, লাইসেন্সের জন্য প্রস্তাবনা, এবং সর্বোপরি লাইসেন্স প্রদান প্রক্রিয়াও সম্পন্ন করবেন। এর ফলে দীর্ঘ সময়ের অপেক্ষা কমে যাবে, এবং সেবা প্রসেস আরও স্বচ্ছ ও সুবিধাজনক হয়ে উঠবে।

পোস্টটি শেয়ার করুন