ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) প্রকাশিত এক বার্তায় তিনি এই শুভেচ্ছা প্রকাশ করেছেন।
শাহবাজ শরিফ তাঁর বার্তায় উল্লেখ করেছেন, বাংলাদেশের সাধারণ নির্বাচনের ফলাফলের জন্য তিনি বাংলাদেশের জনগণের প্রশংসা ও শুভকামনা জানান। তিনি আশা প্রকাশ করেছেন, দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, “আমি আমাদের ঐতিহাসিক, ভ্রাতৃত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে ও দক্ষিণ এশিয়া এবং তার বাইরে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের লক্ষ্যে কাজ করতে আগ্রহী।” তিনি আরও বলেছেন, বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে কাঁধ মিলিয়ে দক্ষিণ এশিয়ার শান্তি ও সমৃদ্ধির জন্য কাজ করতে তিনি প্রস্তুত। এই উন্নয়নশীল সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।





