শনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬, ১লা ফাল্গুন, ১৪৩২

ধনুষের সঙ্গে বিয়ের গুঞ্জন: ভক্তদের ‘না খেয়ে’ যেতে মানা করলেন ম্রুণাল ঠাকুর

দক্ষিণী সিনেমার সুপারস্টার ধনুষ এবং বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের বিয়ে নিয়ে গত

কয়েকদিন ধরে বিনোদন অঙ্গনে বইছে উত্তাল হাওয়া। বিশেষ করে ভালোবাসা দিবসে (১৪

ফেব্রুয়ারি) এই তারকা জুটি সাতপাকে বাঁধা পড়ছেন—এমন খবরে যখন সরগরম বলিপাড়া, ঠিক

তখনই বিষয়টি নিয়ে মুখ খুললেন খোদ ম্রুণাল ঠাকুর। তবে অত্যন্ত নাটকীয় ও হাস্যরসের

মধ্য দিয়ে এই বিয়ের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে

মজা করে ভক্তদের উদ্দেশে তিনি বলেন, ‘আজ আমার গায়ে হলুদ, কাল সঙ্গীত। আপনারা কিন্তু

না খেয়ে কেউ যাবেন না!’

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সেই সাক্ষাৎকারে ম্রুণাল জানান, নিজের

বিয়ের খবর তিনি নিজেই জানেন না। বিষয়টি তার কাছে এখন আতঙ্কের চেয়ে বেশি হাস্যকর হয়ে

দাঁড়িয়েছে। ১৪ ফেব্রুয়ারিকে নিজের বিয়ের তারিখ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে

প্রচার হতে দেখে তিনি বলেন, এই দিনটি এখন তার কাছে ‘এপ্রিল ফুল’ বা কৌতুকের দিন মনে

হচ্ছে। কারা এই গুঞ্জন প্রথম ছড়িয়েছে, সে বিষয়ে তার কোনো ধারণা নেই বলেও স্পষ্ট

জানিয়ে দেন এই ‘সীতা রামম’ খ্যাত অভিনেত্রী।

বিয়ে নিয়ে নিজের ব্যক্তিগত দর্শনের কথাও এই আলাপচারিতায় তুলে ধরেন ম্রুণাল ঠাকুর।

তিনি মনে করেন, কেবল বয়সের চাপে বা সমাজের কথায় বিয়ে করা উচিত নয়। যখন জীবনে সঠিক

মানুষ আসবে এবং যার সঙ্গে নীরবতাও হবে স্বস্তিদায়ক, কেবল তখনই বিয়ের পিঁড়িতে বসার

জন্য নিজেকে প্রস্তুত করা উচিত। ম্রুণালের ভাষ্যে, বিয়ের জন্য সঠিক সময় এবং নির্ভর

করার মতো মানুষের অপেক্ষা করাটাই শ্রেয়।

উল্লেখ্য, দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন দক্ষিণী তারকা ধনুষ। এরপর

থেকেই বিভিন্ন সময় ম্রুণাল ঠাকুরের সঙ্গে তার নাম জড়িয়ে নানা মুখরোচক খবর চাউর হয়।

মূলত একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের মধ্যে গড়ে ওঠা চমৎকার বন্ধুত্বকেই অনেকে প্রেমের

সম্পর্কের রূপ দেওয়ার চেষ্টা করছেন। তবে ম্রুণাল এবং ধনুষ দুজনেই বরাবরই দাবি করে

এসেছেন যে, তাদের মধ্যে বন্ধুত্বের বাইরে অন্য কোনো সম্পর্ক নেই। এবারের সরাসরি

বক্তব্যের মাধ্যমে ম্রুণাল ঠাকুর আবারও প্রমাণ করলেন যে, বিয়ের গুঞ্জনটি নিছকই

কল্পনাপ্রসূত এবং বর্তমানে তিনি নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে বেশ

স্বচ্ছন্দে আছেন।

পোস্টটি শেয়ার করুন