রবিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৬, ৯ই ফাল্গুন, ১৪৩২

কুষ্টিয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে মোট ৫ নিহত

কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক ও একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে কুষ্টিয়া স্টোরের সামনে ঘটে।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত করা গেছে। তারা হলেন—খাজানগর এলাকার আশরাফুল (২৮), সিএনজি চালক জাকারিয়া, আমেনা খাতুন ও কমেলা খাতুন। অপর একজনের পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, শহরগামী একটি সিএনজির উপর বিপরীত দিক থেকে আসা ট্রাকটি সরাসরি ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত আরও দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনাস্থলের পাশে থাকা দোকানদার রবিউল ইসলাম বলেন, “হঠাৎ এক ভয়ঙ্কর শব্দ শুনে বাইরে এসে দেখলাম, সিএনজিটি একেবারে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। যাত্রীদের কেউই নড়াচড়া করতে পারছিল না। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকার্য চালায়।”

অন্যদিকে, স্থানীয় বাসিন্দা ও পথচারী আব্দুল হালিম বলেন, “এই বাইপাস সড়কে প্রায়ই বেপরোয়া গতিতে ভারী যানবাহন চলাচল করে। যদি এখানে তুলনামূলকভাবে সচেতনতা ও নজরদারি বাড়ানো না হয়, তাহলে ভবিষ্যতেও এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে।”

হাইওয়ে পুলিশের পুলিশ পরিদর্শক মো. আবু ওবায়েদ জানান, দুর্ঘটনায় জড়িত দুটি যানবাহন জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছে। তাকে ধরার জন্য অনুসন্ধান চালানো হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পোস্টটি শেয়ার করুন