অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন একটিই স্বাভাবিক প্রক্রিয়া। তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর তাদের নিজস্ব অগ্রাধিকার, কর্মসূচি এবং নীতিগত দৃষ্টিভঙ্গির বাস্তবায়নের জন্য প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনা হয়। এই প্রক্রিয়া ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিবেচনার কিছু নেই। এক্ষেত্রে নতুন একটি সরকার এসেছে, তাদের নিজস্ব প্রাধান্য ও পরিকল্পনা রয়েছে। পরিবর্তন শুধু বাংলাদেশ ব্যাংক নয়, বেশকিছু বিভাগ ও সংস্থায় হচ্ছে, এবং এটি চলমান থাকবে। এটাই খুব স্বাভাবিক প্রক্রিয়া।’
অর্থমন্ত্রী আরও বলেন, নতুন সরকারের নিজস্ব কর্মসূচি ও নীতিগত পরিকল্পনা রয়েছে। এসব বাস্তবায়নের জন্য যেখানে প্রয়োজন, সেখানে পরিবর্তন আনা হবে। তিনি যোগ করেন, ‘নতুন সরকারের যে প্রোগ্রাম, দৃষ্টিভঙ্গি ও ভাবনা—সব মিলিয়ে বাস্তবায়নের স্বার্থেই যেখানে প্রয়োজন, সেখানে পরিবর্তন হবে।’
এর আগে, সরকার আহসান এইচ মনসুরকে সরিয়ে মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেয়। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের আদেশ, ১৯৭২ অনুযায়ী মো. মোস্তাকুর রহমানকে চার বছরের জন্য গভর্নর নিয়োগ করা হয়েছে। দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসংস্থান থেকে বিরত থাকতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, দায়িত্বপালনের সময় সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী, তিনি বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকেই পাবেন। নিয়োগসংক্রান্ত অন্যান্য বিষয় চুক্তিপত্রে নির্ধারিত হবে এবং জনস্বার্থে জারি এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ অনুযায়ী, পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুরকে ২০২৪ সালের আগস্টে চার বছর মেয়াদে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে দেড় বছরের মধ্যেই তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।





