শনিবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬, ১৫ই ফাল্গুন, ১৪৩২

সড়কমন্ত্রী: ঈদে ভাড়া বাড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম স্পষ্ট করেছেন, আসন্ন ঈদে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনও সুযোগ থাকবে না। তিনি বলেন, ‘পরিবহন সেক্টরকে উল্লেখ করেছি যে ঈদে ভাড়া বাড়ানো হবে না। যারা এ চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ শনিবার (২৮ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ টার্মিনাল, নির্মাণাধীন খানপুর আইসিটি ও বাল্ক টার্মিনাল, ড্রেজার বেইড এবং বিশ্বব্যাংকের অর্থায়নে নারায়ণগঞ্জের নদীবন্দরের মাছঘাট এলাকায় নির্মিতব্য টার্মিনাল ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। ঈদযাত্রার বিষয়ে মন্ত্রী আশাবাদ প্রকাশ করে বলেন, ‘আশা করছি, এই ঈদযাত্রা স্বস্তিপূর্ণ ও নিরাপদ হবে। যেখানে যানজট বা অন্য কোনো বিশৃঙ্খলা দেখা দেয়, সে সব জায়গায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত করতে চাই, এবার সব কিছু সুন্দরভাবে সম্পন্ন হবে। ট্রাফিক পুলিশ, নৌ পুলিশ, কোস্টগার্ডসহ সব সংস্থা টহলে থাকবে এবং সব ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকবে।’ শীতলক্ষ্যা নদীর দূষণ সংক্রান্ত বিষয়ে মন্ত্রী জানান, ‘নদী দূষণের বিষয়ে আমরা পরিবেশ মন্ত্রণালয়কে অবগত করব। আমাদের পক্ষেও কিছু করণীয় রয়েছে। সেগুলো চিহ্নিত করে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত আছি।’ পরিদর্শনকালে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

পোস্টটি শেয়ার করুন