বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬, ১৭ই বৈশাখ, ১৪৩৩

মুরাদনগরে ভাড়া বাসা থেকে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর বাজার এলাকার একটি

ভাড়া বাসা থেকে সাইফুল ইসলাম (চাষী সাইফুল) নামে এক কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার

করেছে পুলিশ।

নিহত সাইফুল ইসলাম জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের রামনগর গ্রামের মোবারক

আলীর ছেলে। তিনি গত তিন বছর ধরে রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজে ইংরেজি

বিষয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

কলেজের অধ্যক্ষ মোঃ ফেরদৌস আহমেদ চৌধুরী জানান, গত ৫ তারিখে তিনি কলেজে ক্লাস

নিয়েছিলেন। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। তিনি মাঝেমধ্যে কাউকে কিছু

না জানিয়েই কয়েকদিন কলেজে অনুপস্থিত থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (৮ মার্চ) শিক্ষার্থীরা তার ভাড়া বাসায় এসে

ডাকাডাকি করেন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তারা ফিরে যান।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ আনোয়ার হোসেন জানান,

ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে দরজার দুটি তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ

উদ্ধার করা হয়। মরদেহে পচন ধরেছে, ধারণা করা হচ্ছে চার থেকে পাঁচ দিন আগে তার

মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল

কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর

প্রকৃত কারণ জানা যাবে।

পোস্টটি শেয়ার করুন