ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও তার স্ত্রী ব্রিজিট ম্যাক্রোঁকে কটাক্ষ
করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এক ব্যক্তিগত মধ্যাহ্নভোজে ম্যাক্রোঁকে ফোন করার প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমি
ফ্রান্সে ফোন করি—ম্যাক্রোঁকে, যার স্ত্রী তার সঙ্গে খুব খারাপ আচরণ করেন।’
ওই মধ্যাহ্নভোজে মার্কিন প্রেসিডেন্ট ইরানকে ঘিরে চলমান উত্তেজনায় ন্যাটো
মিত্রদের ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করেন। হোয়াইট হাউসের ইউটিউব চ্যানেলে অল্প
সময়ের জন্য প্রকাশিত একটি ভিডিওতে ট্রাম্প বলেন, ‘তাদের আমাদের দরকার ছিল না,
কিন্তু তবুও আমি অনুরোধ করেছিলাম।’
তিনি ফরাসি প্রেসিডেন্টকে ফোন করার প্রসঙ্গ তুলে বলেন, ‘আমি ফ্রান্সে ফোন
করি—ম্যাক্রোঁকে, যার স্ত্রী তার সঙ্গে খুব খারাপ আচরণ করেন। এখনও তিনি সেই চড়ের
ধাক্কা সেরে উঠতে পারেন নি।’
এখানে তিনি ২০২৫ সালের মে মাসের একটি ভাইরাল ভিডিওর কথা উল্লেখ করেন, যেখানে
ব্রিজিট ম্যাক্রোঁকে ভিয়েতনাম সফরের সময় ম্যাক্রোঁকে চড় দিতে দেখা গেছে বলে দাবি
করা হয়েছিল। যদিও ফরাসি প্রেসিডেন্ট এটিকে ভুয়া তথ্য বা অপপ্রচার বলে উড়িয়ে
দেন।
ট্রাম্প আরও বলেন, তিনি ম্যাক্রোঁকে উপসাগরীয় অঞ্চলে সহায়তার জন্য জাহাজ পাঠাতে
অনুরোধ করেছিলেন। তার দাবি অনুযায়ী, ম্যাক্রোঁ এতে রাজি হননি এবং যুদ্ধ শেষ হওয়ার
পর সহায়তার কথা বলেন।
ট্রাম্প বলেন, ‘আমি বলেছি, যুদ্ধ শেষ হওয়ার পর নয়, এখনই আমাদের সাহায্য দরকার।’
এ সময় তিনি ন্যাটোর সমালোচনা করে বলেন, ‘বড় কোনো যুদ্ধ হলে ন্যাটো পাশে থাকবে
না।’
তিনি ন্যাটোকে ‘কাগুজে বাঘ’ বলেও মন্তব্য করেন।





