শনিবার, ৪ঠা এপ্রিল, ২০২৬, ২১শে চৈত্র, ১৪৩২

ইরানের যুদ্ধের ফলে এখন পর্যন্ত ছয় বাংলাদেশি নিহত

ইরানে চলমান যুদ্ধের কারণে এখন পর্যন্ত ছয়জন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এদের মধ্যে তিনজনের মরদেহ ইতোমধ্যেই রাষ্ট্রীয় উদ্যোগে দেশে ফিরানো হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাহরাইন থেকে আসা বাংলাদেশের রেমিট্যান্স যোদ্ধা এস এম তারেকের মরদেহ গ্রহণের সময় তিনি এই তথ্য দেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ সময় প্রবাসীদের আশ্বস্ত করে বলেন, চলমান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেসব বাংলাদেশি নতুন ভিসা বা পুরোনো ভিসার মেয়াদ নিয়ে জটিলতায় পড়েছেন, তাদের এই সমস্যা সমাধানের জন্য সরকার জোরকদমে কাজ করছে। আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা চালিয়ে এই সমস্যার সমাধান দ্রুত করতে সরকার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিরা যেন নিরাপদে জীবনযাপন ও কাজ করতে পারেন, সে জন্য সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনায় স্থানীয় দূতাবাসগুলো সবসময় সতর্ক এবং সক্রিয় রয়েছে। বাংলাদেশি প্রবাসীদের এই পরিস্থিতিতে নিরাপত্তা ও সহায়তা নিশ্চিত করতে সরকারের এই তৎপরতা অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন